সেই বিদ্যালয়টি আগের জায়গায় চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী বেইলি রোডে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন-সংলগ্ন সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বিষয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। সরকারপক্ষের করা আপিলের অনুমতির আবেদন মঞ্জুর করে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
এর ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের ভেতরে অবস্থিত বিদ্যালয়টি আগের জায়গায় থেকেই কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি বলেন, ওই বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অস্বীকৃতি জানিয়ে দেওয়া দুটি চিঠি হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিলেন।
আইনজীবী সূত্র জানায়, ২০০২ সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়টি অন্য ওয়ার্ডের সঙ্গে একীভূত করার আদেশ বাতিল করে। এ নিয়ে ওই বছর বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের পক্ষে রিট করা হয়। এ বছরের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। পরে অ্যাসোসিয়েশনের ভেতরে থাকা বিদ্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে আগস্টে অনুষ্ঠিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা শিক্ষার্থীরা ফুটপাতে বসে দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ লিভ টু আপিল করলে গতকাল তা মঞ্জুর হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। গার্লস গাইডের পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও মো. সারওয়ার হোসেন।
সর্বশেষ অবস্থা সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ওই জায়গার একটি অংশে টিনের চালা দিয়ে ভঙ্গুর অবস্থায় এখন পাঠদান কার্যক্রম চলছে।