সেই বিদ্যালয়টি চালুর উদ্যোগ
অবশেষে নোয়াখালীর কবিরহাট উপজেলার মধ্যম চরমণ্ডলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার অন্য বিদ্যালয় থেকে একজন শিক্ষককে এ বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষক বদলি করার পাশাপাশি মধ্যম চরমণ্ডলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় বই ও অন্যান্য সরঞ্জাম বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক গতকালই যোগদান করেছেন।
সরকারি উদ্যোগে ২০১৩-১৪ অর্থবছরে মধ্যম চরমণ্ডলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১৪ সালের ডিসেম্বর মাসে বিদ্যালয়টি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এত দিন ধরে বিদ্যালয়টিতে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে ২৭ জানুয়ারি প্রথম আলোয় ‘বিদ্যালয়ের ভবন আছে, নেই শিক্ষক-শিক্ষার্থী’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এহছান কবির প্রথম আলোকে বলেন, তিনি গতকাল দুপুরে সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল বাশারকে নিয়ে মধ্যম চরমণ্ডলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এই বিদ্যালয়ে বদলি করা সহকারী শিক্ষক আবদুর রশিদকে বিদ্যালয়ের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা এহছান কবির বলেন, বিদ্যালয়টিতে শিগগিরই পাঠদান শুরু করা হবে। এ বিষয়ে শিক্ষককে সহায়তা করার জন্য স্থানীয় লোকজনকে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি চালু করার উদ্যোগ নেওয়ায় এলাকার শিশুরা পড়ালেখায় আরও বেশি উৎসাহী হবে।