সেই বিদ্যালয়টি রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেঙে দেওয়া রাজধানীর বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী। গতকাল শনিবার বিদ্যালয়টির ‘রক্ষা কমিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।
রাশেদা কে চৌধূরী বলেন, শিশুদের শিক্ষাজীবন রক্ষা করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষা ও পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঢাকা শহরের ৫০টির বেশি প্রাথমিক বিদ্যালয় ভূমিদস্যুরা দখল করে নেওয়ার পাঁয়তারা করছে। এই ভূমিদস্যুদের এখনই শক্ত হাতে মোকাবিলা করতে হবে।
সংবাদ সম্মেলনে রক্ষা কমিটির সভাপতি নাদিম চৌধুরী, প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
জমি নিয়ে সমস্যা থাকা বেইলি রোডের বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন-সংলগ্ন সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্প্রতি ভেঙে দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগ করেছিল, গার্ল গাইডস অ্যাসোসিয়েশনই বিদ্যালয়টি ভেঙে দিয়েছে। বিদ্যালয়টির বিষয়ে সম্প্রতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের অভ্যন্তরে অবস্থিত বিদ্যালয়টি আগের জায়গায় থেকেই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।