কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর উচ্চবিদ্যালয়ে আজ শনিবার পুলিশি পাহারায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানিয়া আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।প্রধান শিক্ষককে মারধর এবং পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ায় গত বুধবার রাতে থানায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউল্লাহ মুন্সীকে মারধর করার অভিযোগে তিনি নিজেই ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনের নামে মামলা করেন।মামলার এজহারভুক্ত আসামিরা হলেন হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান, খোরশেদ আলম, বড় মামুন, শাহ আলম ও আবুল খায়ের। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনের নামে আরেকটি মামলা করেন। এ ঘটনায় মোজাম্মেল হোসেন ও ছোট মামুনকে বুধবারই গ্রেপ্তার করা হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, ৪ ডিসেম্বর হরতালের কারণে গালিমপুর উচ্চবিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধ রাখা হয়। ওই দিন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী হাবিবুর রহমান পরীক্ষা বন্ধ রাখার কারণ জানতে চেয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন। পরদিন পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে ফের হামলা চালানো হয়।বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, হাবিবুর ও খোরশেদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছেন। প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাঁর বাড়িতে আগুন দেয়। শিক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা দিতে পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হবে।