সেই বিদ্যালয়ের মাঠ থেকে সরানো হলো নির্মাণসামগ্রী
অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে সরিয়ে ফেলা হয়েছে নির্মাণসামগ্রী। গত সোমবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছাদেকুর রহমান উপস্থিত থেকে এই নির্মাণসামগ্রী অপসারণ করান।
গত ২৪ জানুয়ারি ‘আরও দুই মাস শ্রেণিকক্ষে বন্দী থাকতে হবে ওদের’ শিরোনামে প্রথম আলোয় একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও বলেন, সংবাদপত্রে খবর প্রকাশের পর তিনি খোঁজখবর নিয়ে দেখেন স্কুল মাঠে নির্মাণসামগ্রী রাখায় শিশুদের পড়ালেখায় সমস্যা হচ্ছে। বিষয়টি সরেজমিনে দেখার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। ঘটনা তদন্ত শেষে ওই মালামাল সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে এই মালামাল অপসারণ করান। এখন মাঠ ফাঁকা। বাচ্চাদের আর স্কুল ঘরে বন্দী থাকতে হবে না। তারা মাঠে খেলাধুলা করতে পারবে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফটকি নদে একটি সেতু নির্মাণের কাজ চলছে। ওই কাজের ঠিকাদার সেতুতে ব্যবহৃত নির্মাণসামগ্রী স্কুল মাঠে জমা করে। সেখানে খোয়া মেশানো, রড কাটা থেকে শুরু করে সব কাজই করা হচ্ছিল। আর এই কারণে স্কুলের শিক্ষার্থীরা ঘর থেকে নিচে নামতে পারছিল না। এমনকি মাঠের দিকে গেলেই ঠিকাদারের লোকজন তাদের তাড়া করত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীম হোসেন বলেন, গত দুই মাস বাচ্চারা খুব কষ্ট করেছে। এই মালামাল সরিয়ে ফেলার মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে এল।
কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা বেগম প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে বলেন, বিদ্যালয় মাঠে এভাবে নির্মাণসামগ্রী রাখা কারও উচিত নয়। ভবিষ্যতে কেউ কোনো স্কুলে এভাবে মালামাল রাখতে না পারে, সে বিষয়ে খেয়াল রাখা হবে।