সেই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের পটিয়া কোলাগাঁও এলাকায় নতুন বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। স্থানীয় ছাত্রলীগের সাবেক এক নেতা বিদ্যুৎকেন্দ্র এলাকায় তাঁর জায়গা আছে দাবি করে নির্মাণকাজ বন্ধ করে দেন।

এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেড নামের বিদ্যুৎকেন্দ্রের হেড অব অপারেশন এ এম মঈন উদ্দিন বলেন, গতকাল রোববার থেকে আমাদের বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ পুরোদমে শুরু হয়েছে।

কাজ শুরু করার প্রেক্ষাপট বর্ণনা করে মঈন উদ্দিন আরও বলেন, ‘স্থানীয় যুবক আবু তাহেরের ৪০ শতক জায়গা আমাদের বিদ্যুৎকেন্দ্রে আছে বলে দাবি করছেন। আমরা এ বিষয়ে গত শুক্রবার রাতে স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠক করেছি। বৈঠকে আমরা বলেছি, জায়গার প্রকৃত মালিক হলে দলিলপত্র উপস্থাপন করতে হবে। তবে সেই দলিলের পটিয়া উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) অনুমোদন থাকতে হবে।’ স্থানীয় সাংসদ আমাদের এই প্রস্তাবে সায় দেন।

প্রশাসন সূত্র জানায়, আগামী ৩ জুলাই বিতর্কিত জায়গার ব্যাপারে স্থানীয় সহকারী কমিশনারের (ভূমি) মধ্যস্থতায় উভয় পক্ষ আবার বৈঠকে বসবে। আবু তাহের দলিল উপস্থাপন করতে পারলে ভূমির দাম দেবে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেড।