সেই বিধবার বসতভিটায় ফের বিপণিবিতান উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জমিতে ফের বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী এক বিধবা ধুনট থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট মৌজার ৪৯৭ ও ৪৯৮ নং দাগে উপজেলার নলডাঙ্গা গ্রামের লিচু প্রামাণিকের পৈতৃক ১০ শতক ভিটায় বাড়ি ছিল। বছর পাঁচেক আগে লিচু প্রামাণিক মারা যান। সেই ভিটায় লিচুর স্ত্রী জামেনা বেওয়া ঘরবাড়ি করে তাঁর নাবালক তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে বসবাস করছিলেন।বছর সাতেক আগে পাকুড়ীহাটা গ্রামের বদিউজ্জামান ওই জমির মালিক দাবি করে তা নলডাঙ্গা গ্রামের আরজেল মুন্সির কাছে বিক্রি করে দেন। আরজেল মুন্সি চলতি বছর জানুয়ারিতে জামেনার ঘরবাড়ি ভেঙে সেখানে বিপণিবিতান নির্মাণ শুরু করেন। এরপর জামেনার ছেলে জামিল উদ্দিন ২ ফেব্রুয়ারি আরজেল মুন্সিকে বিবাদী করে বগুড়ার সহকারী জজ আদালতে একটি বণ্টনের মামলা (নম্বর ২৩/১২) করেন। আদালত শুনানি শেষে ১৮ মে বিবাদী আরজেল মুন্সির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এ নিয়ে ১৩ মে প্রথম আলোয় ‘বিধবার বসতভিটায় মার্কেট’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এর পর থেকে সেখানে বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ ছিল। ১৪ সেপ্টেম্বর আরজেল মুন্সি লোকজন নিয়ে ওই জমিতে বিপণিবিতান নির্মাণকাজ শুরু করেন। এ সময় ওই বিধবা ও তাঁর পরিবারের লোকজন তাতে বাধা দেয়।আরজেল মুন্সি বলেন, ‘আমি সাত বছর আগে বদিউজ্জামানের কাছ থেকে ওই জমি কিনে নিয়েছি। আদালতের নিষেধজ্ঞা থাকায় সেখানে নির্মাণকাজ এত দিন বন্ধ ছিল। নিষেধাজ্ঞা বাতিল হওয়ায় আজ (রোববার) সেখানে কাজ করেছি।’ গত রোববার সকালে আরজেল সেখানে বিপণিবিতানের নির্মাণের কাজ ফের শুরু করেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হক জানান, আরজেল মুন্সি ওই জমির ওপর থেকে আদালতের নিষেধাজ্ঞা বাতিল-সংক্রান্ত কাগজপত্র দেখিয়েছেন। জামেনা বেওয়া দাবি করেন, ওই জমিতে এখনো নিষেধাজ্ঞা বহাল রয়েছে। মামলা এখনো নিষ্পত্তি হয়নি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আরজেল মুন্সি বিপণিবিতান নির্মাণ করছেন।