সেই বিপণিবিতান দুটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরের ফিশারিঘাট এলাকায় অনুমোদনহীন বিপণিবিতান দুটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জায়গাটি পরিদর্শন করে এ নির্দেশ দেন চউকের অনুমোদিত কর্মকর্তা-২ প্রকৌশলী মোহাম্মদ শামীম।
প্রকৌশলী মোহাম্মদ শামীম জানান, বাংলাদেশ জাতীয় মত্স্যজীবী সমবায় সমিতি লিমিটেড বিপণিবিতান দুটি নির্মাণ করছিল। চউকের অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় সমবায় সমিতিকে দুই দফা নোটিশ দেওয়া হয়েছিল। তার পরও তারা নির্মাণকাজ অব্যাহত রাখে। তাই চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমবায় অধিদপ্তরের অধীনে পরিচালিত এই সমিতি ১৯৬৩-৬৩ সালে চট্টগ্রাম বন্দর থেকে ২ দশমিক ৬১ একর জায়গা ইজারা নেয়। এই জায়গায় সমিতি মত্স্য প্রক্রিয়াকরণ কারখানা, হিমাগার, বরফকল, মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ৬০টি মত্স্য স্টল নির্মাণ করে।
প্রকৌশলী মোহম্মদ শামীম বলেন, জায়গার মূল মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তাই বন্দরকে এ ব্যাপারে চিঠি দেওয়া হবে। সমবায় সমিতি কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ায় পরের সপ্তাহে এর শুনানি হবে।
উল্লেখ্য, চউকের অনুমোদন না নিয়ে সমবায় সমিতির দুটি দোতলা বিপণিবিতান নির্মাণ নিয়ে গত সোমবার প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।