সেই বিয়ে হলো পুলিশ পাহারায়
বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগুড়ি গ্রামে হামলার ঘটনায় পণ্ড হওয়া সেই বিয়ের অনুষ্ঠানটি গতকাল শুক্রবার পুলিশ পাহারায় অনুষ্ঠিত হয়েছে।
পূর্ববিরোধের জেরে গত বৃহস্পতিবার চিতলমারীর কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। সে সময় বসতঘর, বিয়ের প্যান্ডেল ভাঙচুর ও অতিথিদের আপ্যায়নের জন্য রান্না করা খাবার ফেলে দেয় হামলাকারীরা। এতে আহত হন বেশ কয়েকজন। পণ্ড হয়ে যায় ওই অনুষ্ঠান। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার দুপুরে চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলীর বাড়িতে পুলিশ পাহারায় তাঁর মেয়ের সেই বিয়ে সম্পন্ন হয়েছে।
কনের পরিবার সূত্রে জানা যায়, দুই পরিবারের সম্মতিতে কিছুদিন আগে ইদ্রিস আলীর মেয়ে সুরছিন খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের এনায়েত সরকারের ছেলে জিয়া সরকারের বিয়ের দিন-তারিখ ঠিক হয়। সে অনুয়ায়ী বৃহস্পতিবার মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু আকস্মিকভাবে সেই অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটলে বিয়ে পণ্ড হয়ে যায়।
ইদ্রিস আলীর অভিযোগ, বিয়ের দিনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহাগ শেখ তাঁর লোকজন নিয়ে অতর্কিত হামলা চালান। এই খবর জানতে পেরে বরপক্ষ বাড়িতে আসেনি। এ কারণে সেদিন বিয়ে অনুষ্ঠিত হয়নি। তিনি আরও বলেন, গতকাল পুলিশ নিরাপত্তা দেওয়ায় শান্তিপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে।
চিতলমারী থানার ওসি রেজাউল করিম বলেন, ‘শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যাতে নতুন করে কোনো সংঘাত না হয়, সে জন্য আমরা ওই এলাকায় বাড়তি টহল জোরদার করি। শান্তিপূর্ণভাবে ইদ্রিস আলীর মেয়ের বিয়ে শেষ হয়েছে।’