সেই বৃক্ষমানবের অস্ত্রোপচার আজ
বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল বাজনদারের দেহে আজ শনিবার অস্ত্রোপচার করা হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক সামন্ত লাল সেন গতকাল প্রথম আলোকে বলেন, আজ শনিবার বেলা ১১টায় আবুল বাজনদারকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। প্রাথমিকভাবে তাঁর তর্জনী ও বৃদ্ধ আঙুলে অস্ত্রোপচার করা হবে।
আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এই রোগ হয়। ১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন। তাঁর হাতের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে এবং দিন দিন তা বড় হচ্ছে। তাঁকে গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় ছয় সদস্যের বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আবুলের রক্ত, টিসু ও মুখের লালা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে সহায়তা করছে। সামন্ত লাল সেন বলেন, ‘আবুল বাজনদারকে কর্মক্ষম করার জন্য শিকড়ের মতো বৃদ্ধি পাওয়া অংশগুলো অস্ত্রোপচার করে ফেলে দেওয়া হবে। পরবর্তী সময়ে শিকড়ের মতো জিনিসগুলো যেন আর না হয় বা বৃদ্ধি না পায়, সেই চেষ্টা বা চিকিৎসা করা হবে। এ ব্যাপারে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে।’