সেই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহরের একটি বেকারির কেক খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী। ছবি: মুক্তার হোসেন
শহরের একটি বেকারির কেক খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী। ছবি: মুক্তার হোসেন

ভেজাল খাদ্য উত্পাদন ও বিক্রির অভিযোগে নাটোর শহরের হাফরাস্তা এলাকার বেনু বেকারির মালিক বেলাল হোসেনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যতদিন কেক উত্পাদনের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের
(বিএসটিআই) অনুমোদন না পাবে, ততদিন পর্যন্ত বেকারিটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
এই বেকারির সরবরাহ করা নাশতা খেয়ে আজ বুধবার সকালে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদুল ইসলাম বিকেলে শহরের হাফরাস্তা মোড়ে অবস্থিত বেনু বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বেকারির মালিক পলাতক ছিলেন।
মালিকের পরিবারের অন্য সদস্যরা জানান, কেক তৈরির জন্য তাঁদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। এ কারণে আদালত বেকারিটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। সন্ধ্যা ছয়টার দিকে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে নাশতা সরবরাহ করা হয়। নাশতার কেক খাওয়ার পরই শিক্ষার্থীরা বমি করতে থাকে। অনেকে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকা অভিভাবকেরা শিক্ষকদের কাছে এই ঘটনার ব্যাখ্যা চাইলে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা বিদ্যালয় থেকে সরে যান বলে অভিযোগ পাওয়া যায়।

পরে অভিভাবকেরা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শতাধিক শিক্ষার্থীকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। অধিকাংশ ছাত্রী সুস্থ হয়ে উঠলে অভিভাবকেরা তাদের বাড়ি নিয়ে যান।
খাবার খেয়ে অসুস্থ চতুর্থ শ্রেণির ছাত্রী বিউটি আক্তার জানায়, কেক খাওয়ার আধা ঘণ্টার মধ্যে পেটের মধ্যে ব্যথা শুরু হয়। এরপর বমি ও পাতলা পায়খানা হতে থাকে। কেকগুলো বাসি ছিল বলে মনে তার মনে হয়েছে।
খবর পেয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাওশি) উপপরিচালক শারমিন ফেরদৌস, পুলিশ সুপার বাসু দেব বনিক, সিভিল সার্জন ফেরদৌস নিলুফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) কাজী আতিয়ুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল খালেক হাসপাতালে ছুটে যান।
জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক আবুল কালাম আজাদ বলেন, ‘নাশতার কেক খেয়ে ছাত্রীরা অসুস্থ হয়েছে। আমাদের ধারণা, কেক থেকে শিশুদের পেটে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। খাবারের কেক পরীক্ষা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আমরা পরামর্শ দিয়েছি। শিক্ষার্থীদের মধ্যে বমি করার প্রবণতা বেশি ছিল। আমরা ৪১ জনকে ভর্তি করেছি। বাকিদের প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সরকার বলেন, ‘স্থানীয় বেনু বেকারি থেকে সকালে নাশতার কেক সংগ্রহ করা হয়েছিল। এগুলো খাওয়ার পর ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের হাসপাতালে পাঠিয়ে চিকিত্সার ব্যবস্থা করেছি।’
নাশতা দেওয়ার আগে তা পরীক্ষা করা হয়েছিল কি না, জানতে চাইলে গোপাল চন্দ্র বলেন, ‘আমি স্কুলে নতুন এসেছি। খোঁজ নিয়ে দেখব।’
ঘটনার পর বিদ্যালয় থেকে শিক্ষকদের সরে যাওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নাশতার অবশিষ্ট কেক পরীক্ষা করাসহ পুরো ঘটনাটি তদন্ত করে দেখব। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সবার আগে আমরা শিশুদের চিকিত্সার বিষয়টি নজরদারি করছি।’