সেই বেহাল সড়কে বাস খাদে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেই বেহাল সড়কের খানাখন্দে চলতে গিয়ে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ২৫ যাত্রী আহত হন। গতকাল শুক্রবার সকালে উপজেলার হিজলতলা এলাকায় চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে খুলনা থেকে বরগুনার পাথরঘাটার উদ্দেশে বিআরটিসির ওই বাস ছেড়ে আসে। সকাল সোয়া ১০টার দিকে বাসটি হিজলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করেন। এ দুর্ঘটনায় আহত ২৫ যাত্রী স্থানীয় পল্লিচিকিৎসক ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাসযাত্রী আবদুল গফফার (৫০) প্রথম আলোকে বলেন, খাদের গভীরতা কম থাকায় যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন। ১০ মে এ সড়কের হেতালিয়া এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত হন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান।
গত বৃহস্পতিবার প্রথম আলোয় চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা বেহাল সড়ক নিয়ে ‘যে সড়ক নিজেই সরব’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।