মৌলভীবাজারের জুড়ী উপজেলার পুটিছড়া বিটে সামাজিক বনায়নের জন্য তৈরি উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই শেষে গতকাল শনিবার উপজেলা বন ও পরিবেশ কমিটির সভায় উপস্থাপন করা হয়েছে। কমিটির কর্মকর্তারা বলছেন, ওই তালিকা থেকে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বাদ পড়েছেন।জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে বন বিভাগ জুড়ী-১ রেঞ্জের গোয়ালবাড়ী ইউনিয়নের পুটিছড়া বিটের ১২০ হেক্টর ন্যাড়া জায়গায় স্বল্প (১০ বছর) ও দীর্ঘ মেয়াদের (৪০ বছর) জন্য সামাজিক বনায়ন করার উদ্যোগ নেয়। নিয়ম অনুসারে বনায়নের জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের অভ্যন্তরে বসবাসকারী দুস্থ মুক্তিযোদ্ধা, দরিদ্র, ভূমিহীন ও স্বামী পরিত্যক্তাদের অগ্রাধিকার দেওয়ার কথা। কিন্তু বন বিভাগ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, যুবলীগ ও বিএনপির উপজেলা কমিটির বেশ কয়েকজন নেতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সচ্ছল পরিবারের একাধিক ব্যক্তিকে উপকারভোগী হিসেবে নির্বাচন করে একটি প্রাথমিক তালিকা তৈরি করে।এ নিয়ে ওই বছরের (২০১০) ৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘জনপ্রতিনিধিরা উপকারভোগী!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা বন ও পরিবেশ কমিটি গত বছরের নভেম্বর মাসের সভায় বিষয়টি যাচাই-বাছাই করে নতুন করে তালিকা তৈরির সিদ্ধান্ত নেয়। সভায় সংশ্লিষ্ট বিট কর্মকর্তা আবু ইউনুছকে প্রধান করে চার সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়। সূত্র জানায়, গতকাল দুপুর দেড়টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমার সভাপতিত্বে বন ও পরিবেশ কমিটির মাসিক সভা হয়। সভায় কমিটির উপদেষ্টা স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, সভার শুরুতে উপকমিটির সদস্যরা ৩০০ উপকারভোগীর নতুন একটি তালিকা উপস্থাপন করেন। আলোচনার পরে এটি অনুমোদন পায়। ইউএনও মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, আগের তালিকায় থাকা নারী ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সচ্ছল পরিবারের একাধিক ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। তালিকাটি চূড়ান্ত অনুমোদনের জন্য এখন জেলা বন ও পরিবেশ কমিটির কাছে পাঠানো করা হবে।