সেই ব্যবসায়ীকে এলাকা ছাড়া করার সিদ্ধান্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের কালিয়া ঘোনারচালা বাজারের ব্যবসায়ী নেতা আবদুল বারী পালিয়ে থেকে অপহরণের নাটক করায় বণিক সমিতি থেকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে৷ একই সঙ্গে ওই বাজারে ব্যবসা নিষিদ্ধ ও সাত দিনের মধ্যে তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শনিবার ঘোনারচালা বাজারে কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল হোসেনের সভাপতিত্বে ওই বৈঠক হয়।
এলাকার অনেকে জানান, ওই বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও হাজার খানেক লোক উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত বৈঠক চলে।
ইউিপ চেয়ারম্যান জামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বারী অপহরণের নাটক করায় আমরা প্রশাসনের কাছে লজ্জা পেয়েছি। তাই ওর উচিত শিক্ষা হওয়া দরকার।’ তবে এলাকা ছাড়তে বলায় মানবাধিকার লঙ্ঘিত হলে তিনি এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে একমত নন।
কালিয়া ঘোনারচালা বাজার বণিক সমিতির সভাপতি খন্দকার আবদুল জলিল বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে বারীকে বউ-বাচ্চা নিয়ে এলাকা ছাড়তে হবে। দোকানপাট ও স্কুল বন্ধ করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওর জন্য আন্দোলন করেছি। এখন সারা জাতির সামনে আমরা লজ্জিত।’
এ ব্যাপারে মুঠোফোনে বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর স্ত্রী মাজেদা ফোন ধরে বলেন, ‘আমার স্বামী ভুল করেছে, ওর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।’ সালিসের সিদ্ধান্ত আবার বিবেচনা করার জন্য তিনি অনুরোধ করেন।
বারী বণিক সমিতির নির্বাচনের দুই দিন আগে ভোটারদের সহানুভূতি পেতে ৬ মে রাতে পালিয়ে গিয়ে অপহরণের নাটক সাজান। সত্যিই বারী অপহরণ হয়েছেন, আশঙ্কায় ওই বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ধর্মঘট, মিছিল, সমাবেশ করেন। এ ছাড়াও পুলিশ-প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় বারীকে উদ্ধারে। অবশেষে বৃহস্পতিবার রাতে পুলিশ ময়মনসিংহের ভালুকা থেকে বারীকে উদ্ধার করে৷ পরে বারী জানান, তিনি স্ত্রীর সঙ্গে অভিমান করে ও নির্বাচনে জয়ী হতে ভোটারদের সহানুভূতি পেতে পালিয়ে ছিলেন।