সেই ব্যবসায়ীর স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন
নিজ বাসায় নৃশংস কায়দায় খুন করে বস্তাবন্দী করে রাখা সিলেটের আলোচিত সেই ব্যবসায়ী ইমতিয়াজ (৪৫) খুনের মামলায় স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) মনজুরুল হক খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নিহত ব্যবসায়ীর স্ত্রী লিপি আক্তার মুক্তা (২৮), ইমতিয়াজের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী লোকমান হোসেন (১৮) ও কয়েস আহমদ (২৫)। এঁরা তিনজনই কারাগারে রয়েছেন।ব্যবসায়ী ইমতিয়াজ হোসেনের মূল বাড়ি ছিল ঢাকার বংশালে। সিলেটে মায়া ট্রান্সপোর্ট নামের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার সূত্র ধরে নগরের শাহজালাল উপশহরে স্ত্রী লিপিকে নিয়ে বসবাস করতেন। ২০১০ সালের ২৯ মার্চ ওই বাসা থেকে দুর্গন্ধ বেরোলে প্রতিবেশীরা উৎস খুঁজতে গিয়ে ঘরের মধ্যে বস্তাবন্দী লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, নৃশংস কায়দায় খুন করা হয়েছে ইমতিয়াজকে।এ ঘটনায় ইমতিয়াজের ভাই মোহাম্মদ সিরাজ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পুলিশ প্রথমে ইমতিয়াজের ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারী ও পরে স্ত্রী লিপিকে আটক করলে তাঁরা তিনজনই খুনের দায় স্বীকার করেন।আদালতে দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার ১৯ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।