সেই ভবন সিলগালার নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন শহরের কান্দিরপাড়ের পৌর বিপণি মার্কেট সিলগালা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ওই মার্কেটের ব্যবসায়ীদের মালামাল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ওই পরিত্যক্ত ভবন সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার সকালে করপোরেশনের প্রশাসক মো. নাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। প্রশাসক নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘জরাজীর্ণ ওই ভবনের ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দোকানের মালামাল সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। অন্যথায় আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ গত মঙ্গলবার বিকেলে ওই ভবনের ছাদ ধসে তিন ব্যক্তি আহত হওয়ার পর সিটি করপোরেশন এ উদ্যোগ নেয়। কর্মকর্তারা সরেজমিনে ওই ভবন ঘুরে এসে একে পরিত্যক্ত ঘোষণা করেন। ভবনটিতে বর্তমানে দর্জি দোকান, বই, স্টেশনারি-সামগ্রী, স্টুডিও ও ইলেকট্রনিকস মালামালের দোকান রয়েছে।