চুয়াডাঙ্গার দর্শনায় ভবন নির্মাণে ‘রডের বদলে বাঁশ’ ব্যবহারের ঘটনায় আলোচিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কার্যালয় ও পরীক্ষাগার নির্মাণের কাজ শেষ পর্যায়ে। রডের বদলে বাঁশ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনালের পরিবর্তে ঢাকার মিরপুরের মাস্তুরা এন্টারপ্রাইজ বাকি কাজ বাস্তবায়ন করছে।
১০ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, ভবনটির মূল অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। এখন সেখানে টাইলস লাগানো, বিদ্যুতের সংযোগ দেওয়া ও ঘষামাজার কাজ চলছে। শ্রমিকেরা জানান, লুভারে টাইলস লাগানো শেষ হলেই রঙের কাজ শুরু হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মাস্তুরা এন্টারপ্রাইজের মালিক শাহীন আখতার দাবি করেন, বর্তমানে মানসম্মতভাবেই কাজ করা হচ্ছে।
দর্শনা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক কামরুন্নাহার ১২ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, আগামী জুন মাস পর্যন্ত কাজের মেয়াদ থাকলেও এপ্রিলেই নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রকল্পের ব্যয় ২ কোটি ৪২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২ কোটি ৫২ লাখ টাকা।
ফাইটোস্যানেটারি সামর্থ্য শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনটির সৌন্দর্যবর্ধনে নির্মিত লুভার ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় দীর্ঘ আট মাস নির্মাণকাজ বন্ধ ছিল। পরে গত বছরের ৬ ডিসেম্বর নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। প্রকল্পের বর্তমান পরিচালক মোহাম্মদ আলী বলেন, তদন্তের সময় ছাদের একাংশসহ বেশ কয়েকটি স্থান ভেঙে ফেলার কারণে প্রকল্পের ব্যয় ১০ লাখ টাকা বেড়েছে।
২০১৫ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হওয়া ভবনটি হস্তান্তরের কথা ছিল গত বছরের জুন মাসে। এর আগেই ৬ এপ্রিল রডের পরিবর্তে বাঁশ ও খোয়ার স্থলে সুরকি ব্যবহারের অভিযোগ ওঠে। পরে তৎকালীন ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে চারজনকে আসামি করে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিং, কাজ তদারককারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন ও প্রধান কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন। পরে আদালত এই মামলার তদন্তভার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেন।
এ ঘটনায় দুদক জয় ইন্টারন্যাশনালের মালিক মণি সিংকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে আছেন। এ ব্যাপারে দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল গাফ্ফার বলেন, তদন্ত শেষে প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।