সেই ভবনের লুভার ঢালাই ভাঙা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কার্যালয় ও গবেষণাগার (অফিস কাম ল্যাবরেটরি) ভবনের অংশবিশেষ ভাঙার কাজ শুরু হয়েছে। নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠার পর ভবনটির লুভার ঢালাই গতকাল শনিবার থেকে ভাঙা শুরু হয়। পাশাপাশি ছাদ ও সীমানাপ্রাচীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।
২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভবনটির সৌন্দর্য বর্ধনে নির্মিত লুভার ঢালাইয়ে রড না দিয়ে কাটা বাঁশ (কাবারি বা চটা) এবং খোয়ার পরিবর্তে পরিত্যক্ত সুরকিসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গত শুক্রবার সরেজমিন তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় ‘রডের পরিবর্তে বাঁশ, খোয়ার স্থলে সুরকি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
কর্মকর্তারা জানান, বিদেশ থেকে আমদানি করা কৃষিজাত পণ্যের মান যাচাই ও রোগ-বালাই পরীক্ষার জন্য ভবনটি নির্মাণের উদ্যোগ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই অনিয়মের অভিযোগ ওঠায় অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমানের নির্দেশে অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক সৌমেন সাহাকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
সৌমেন সাহা প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। তদন্তকাজ অব্যাহত রয়েছে।’