সেই ভিখারি মিনা এবার জেএসসি প্রশ্নপত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন থেকে গাইবান্ধার বোনারপাড়াগামী পদ্মরাগ লোকাল ট্রেনের একটি কামরায় পাওয়া ৭০ হাজার টাকা স্টেশনমাস্টারকে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভিখারি মিনা বেগম (৪২)। চলতি বছরের ২১ জুলাইয়ের এ ঘটনা এবার উঠে এল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নের পাতায়।
২৪ জুলাই মিনা বেগমকে নিয়ে প্রথম আলোয় একটি ছবি ছাপা হয়। ২ আগস্ট প্রথম আলোর অন্য আলো বিভাগে ‘সেরা নায়কের’ শিরোনাম হন মিনা। এর মাধ্যমে দেশ-বিদেশের কয়েক লাখ পাঠক তাঁর সততার বিষয়টি জানতে পারেন। এরপর মিনার সহায়তায় এগিয়ে আসেন অনেকে। ৮ নভেম্বর অনুষ্ঠিত জেএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১ নম্বর প্রশ্নে মিনা বেগমের ওই সততার কাহিনি উদ্দীপক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে প্রথম আলোর প্রতিবেদনের তারিখ ও অন্য আলো বিভাগের নামও উল্লেখ রয়েছে। এর ফলে সারা দেশের কয়েক লাখ শিক্ষার্থী, অভিভাবকসহ শিক্ষকেরা আবারও জানতে পেলেন একজন মিনা বেগমের সততার কাহিনি।