সেই ভুয়া উপাচার্য আবার গ্রেপ্তার
রাজশাহীর বাগমারা উপজেলার মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় নামের ভুয়া একটি প্রতিষ্ঠানের কথিত উপাচার্য রফিকুল ইসলামকে (৪০) পুলিশ আবারও গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের নামে সমাবেশ করার চেষ্টার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান জানান, রফিকুল ইসলাম কিছু ব্যাংক কর্মকর্তার নাম ব্যবহার করে গতকাল সমাবেশ করার চেষ্টা করেন৷ এ সময় তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। একটি প্রতারণা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রফিকুল ইসলাম গতকাল উপজেলার অর্জুনপাড়ায় অস্তিত্বহীন মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমাবেশের আয়োজন করেন। এর আগে সমাবেশের জন্য এলাকায় প্রচারণা চালান। সমাবেশে একটি ব্যাংকের কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হয়। ওই সব কর্মকর্তা সমাবেশ সম্পর্কে কিছু না জানলেও তাঁদের নাম প্রচার করা হয়৷ বিষয়টি থানায় জানালে দুপুরে পুলিশ গিয়ে সমাবেশস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কিছু অনুসারী ছাড়া সমাবেশে কেউ ছিলেন না।
অভিযোগ রয়েছে, রফিকুল ইসলাম একটি বন্ধ মাদ্রাসায় গত বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণা শুরু করেন। এ নিয়ে প্রথম আলোয় ‘বন্ধ মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে তিনি গ্রেপ্তার হন। পরে জামিনে বের হয়ে তিনি বিভিন্ন ব্যক্তিকে ওই প্রতিষ্ঠানে চাকরি দেওয়া ও সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারণা শুরু করেন। এ ব্যাপারে প্রতারিত এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেন৷
বাগমারার ইউএনও সাদেকুল ইসলাম জানান, অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই।