সেই মকর কান্তিকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালাধন চাকমা নামে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া মকর কান্তি চাকমাকে মুক্তি দিতে খাগড়াছড়ির কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মো. ইমান আলী ও ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।মকর কান্তি চাকমার পক্ষের আইনজীবী শামসুল হক জানান, মকর কান্তি চাকমাকে কালাধন চাকমা নামে খাগড়াছড়ি কারা কর্তৃপক্ষ কারাগারে অন্তরীণ রেখেছেন বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। রায়ে খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিমের তদন্ত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য থেকে মকর কান্তি চাকমা যে কালাধন চাকমা, এর কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।২০০৮ সালের জুলাই মাসে মকর কান্তি চাকমার কালাধন চাকমা হিসেবে কারাদণ্ড ভোগের বিষয়ে কয়েকটি প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোয়। মকর কান্তি চাকমার ভাই সোনা কান্তি চাকমা বলেছেন, আদালতের রায়ে তাঁরা খুশি।পারিবারিক সূত্রে জানা যায়, আটকের পর তাঁর বাবা পূর্ণ কুমার চাকমা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে তাঁর প্রতিবেদনে জানান, ১৯৮৫ সালের ১০ মার্চ দীঘিনালার মেরুং ইউনিয়নের বাসিন্দা নাজমুল ইসলাম খোকন খুন হন। হত্যাকাণ্ডের ঘটনায় দীঘিনালা থানায় দায়ের করা মামলায় একই এলাকার কালাধন চাকমা, অনিল চন্দ্র চাকমা এবং রণজিৎ কুমার চাকমাকে অভিযুক্ত করা হয়। ১৯৮৭ সালের ৩০ জুন অভিযুক্তদের অনুপস্থিতিতে চট্টগ্রাম জজ আদালতে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়।২০০৬ সালের ১৪ জুন দীঘিনালা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন ভূঁইয়া দীঘিনালা বাজার থেকে মকর কান্তি চাকমাকে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি কালাধন চাকমা হিসেবে গ্রেপ্তার করেন। তখন থেকে তিনি খাগড়াছড়ি জেলে আটক আছেন।