সেই মনজুরের বিরুদ্ধে এলাকায়ও অভিযোগ
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের সৈয়দ মনজুর মোর্শেদ খান (৫৫) অনেকের কাছে ‘ভালো’ মানুষ হিসেবে পরিচিত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে রয়েছে স্থানীয় মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগও।সম্প্রতি মনজুর মোর্শেদের বিরুদ্ধে কানাডা থেকে প্রায় দুই কোটি মার্কিন ডলার প্রতারণা করার অভিযোগ উঠেছে। ওই টাকা নিয়ে তিনি দেশে পালিয়ে এসেছেন বলে কেউ কেউ বলছেন।কানাডার দৈনিক টরন্টো স্টার-এ ১৫ সেপ্টেম্বর মনজুরকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, টরন্টোর চ্যানেল প্রপার্টি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মনজুর পাঁচটি অত্যাধুনিক ভবনের এক হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির প্রায় দুই কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন। নিরুদ্দেশ, অতঃপর: মনজুরের ডাকনাম আজাদ। এলাকায় তিনি এই নামেই পরিচিত। শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাসের পর বাড়ি থেকে নিরুদ্দেশ হন। আশির দশকের শুরুতে সৌদি আরবের রিয়াদে ‘অ্যারাবিয়ান বসুন্ধরা এক্সপ্রেস লিমিটেড’ নামে জনশক্তি আমদানিকারী প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এর শাখা খোলা হয় ঢাকার মহাখালী ডিওএইচএসে।মনজুরের সহপাঠী শ্রীপুরের নহাটা গ্রামের মোহাম্মদ আলী প্রথম আলোর কাছে দাবি করে বলেন, ‘আশির দশকে ছোট ভাইকে সৌদি আরব পাঠাতে তিন বিঘা জমি বিক্রি করে মনজুরকে টাকা দিই। কিন্তু ও ভাইকে বিদেশে না পাঠিয়ে নিরুদ্দেশ হয়। মাস তিনেক আগে মনজুর আমাকে ২০ হাজার টাকা দিয়ে বাকি টাকা অল্প দিনের মধ্যে দেবে বলে জানিয়েছে।’১৯৮১ সালে সৌদি আরবে মনজুরের সঙ্গে পরিচয় হয় তারাউজিয়াল গ্রামের মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সঙ্গে। শহীদুলের ভাষ্যমতে, মনজুর তাঁকে সৌদি আরবের ২০০ ভিসা বিক্রির জন্য দেন। এক মাসের মধ্যে তিনি বাংলাদেশে ওই ভিসা বিক্রি করে প্রায় এক কোটি ২০ লাখ টাকা মনজুরকে দেন। কিন্তু মনজুর ওই লোকদের সৌদি আরবে না নিয়ে হঠাৎ অফিস গুটিয়ে উধাও হন।শহীদুল বলেন, এত দিন নিরুদ্দেশ থাকলেও চার-পাঁচ বছর হলো মনজুর গ্রামের বাড়িতে আসা-যাওয়া করছেন। তাঁর কাছে পাওনা টাকা চাইলেও তিনি দিচ্ছেন না। গয়েশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘মনজুর একজন আন্তর্জাতিক প্রতারক। তাঁর বিরুদ্ধে তারাউজিয়াল গ্রামের শহীদুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধা পরিষদে অভিযোগ করেছেন। এখন বিদেশ থেকে শত কোটি টাকা মেরে আসার অভিযোগও শুনছি।’আছে সুনামও: মনজুরের বাবার নাম সৈয়দ আসাদুল আজম ওরফে মাছিম মিয়া। দাদা ছিলেন ব্রিটিশ আমলের জমিদার সৈয়দ মশিহুল আজম ওরফে রতন মিয়া। তিন ভাই ও তিন বোনের মধ্যে মনজুর সবার বড়। নহাটা গ্রামের যুবক আমিরুল ইসলাম (২৮) বলেন, ‘আমরাতে ভালোই জানি। কিন্তু এখন পেপারে দেখছি খারাপ। এলাকার এমন কোনো মানুষ নেই যে তাঁর কাছে গিয়ে সাহায্য না পেয়ে ফিরে এসেছে।’ দূরগ্রামে সুরম্য ‘আশীর্বাদ’: তারাউজিয়াল গ্রামে মনজুর গড়ে তুলেছেন অত্যাধুনিক অট্টালিকা। নাম আশীর্বাদ। গত সোমবার তারাউজিয়াল গ্রামে মনজুরের বাড়িতে গেলে কথা হয় তাঁর ছোট ভাই সৈয়দ ফয়সাল আজমের সঙ্গে। ফয়সাল বলেন, ১৯৯৬ সালের দিকে বড় ভাই মনজুর কানাডায় চলে যান। সাড়ে চার কি পাঁচ বছর আগে দেশে এসে বাড়ির কাজ শুরু করেন। তখন থেকেই নির্মাণকাজ চলছে। এসব কাজ করতে ২০-২৫ কোটি টাকার মতো খরচ হতে পারে।এক প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, ‘বড় ভাই কানাডায় কী চাকরি বা কাজ করেন জানি না। তবে নিশ্চয়ই বড় কিছু করেন। না হলে কোটি কোটি টাকা ব্যয় করে এসব করছেন কীভাবে?’ কানাডায় প্রতারণার ব্যাপারে ফয়সাল বলেন, ‘ওসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমার ভাতিজি (মনজুরের মেয়ে) সেখানকার আদালতে রিট করেছে।’ মনজুরের সঙ্গে মুঠোফোনে আলাপ করিয়ে দেওয়ার অনুরোধ জানালে ফয়সাল বলেন, ‘ভাইয়ের ফোন নম্বর আমার কাছে নেই। এক-দেড় মাস পর তিনি আবার আসবেন। তখন আপনার সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেব।’পুলিশ যা বলছে: শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ছালেক প্রথম আলোকে বলেন, ‘সৈয়দ মনজুর মোর্শেদ খান একজন ধনাঢ্য ‘শুনেছি, কানাডা থেকে তিনি (মনজুর মোর্শেদ খান) প্রচুর টাকা মেরে বাংলাদেশে চলে এসেছেন। সরকার যদি নির্দেশ দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেব।’