সেই মহিবুলের ভর্তি বাতিল হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা চিকিত্সা পরিষদ (স্বাচিপ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল শাখার নেতা এবং একাধারে চিকিত্সক, প্রশাসক ও ছাত্র তিনি। তাঁর এমএস কোর্সের ভর্তি বাতিল হতে পারে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত করছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রামেক সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের এই চিকিত্সকের নাম মহিবুল হাসান। তিনি গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সার্জারিতে এমসিপিএস ডিগ্রি নিয়ে চলতি দায়িত্বের সহকারী অধ্যাপক পদে যোগ দেন। এর পর তিনি একটি (৫ নম্বর) সার্জারি ওয়ার্ডের দায়িত্বও পান। নিয়ম অনুযায়ী সহযোগী অধ্যাপক বা অধ্যাপক ছাড়া অন্য কেউ ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার কথা নয়। এ ছাড়া তিনি একাই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের চারটি আবাসিক হলের তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন। রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, স্বাচিপের সাধারণ সম্পাদক, রামেকের টেন্ডার কমিটির স্থায়ী সদস্য। বিদেশি অর্থায়নে রামেক হাসপাতালে পরিচালিত নির্যাতিত মহিলাদের সেবাকেন্দ্র ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারেরও (ওসিসি) তিনি সমন্বয়কারী। গত ১০ নভেম্বর তিনি হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) পদে যোগ দিয়ে আলোচিত হয়েছেন। গত ১১ নভেম্বর নিজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে হাসপাতালের বিভিন্ন বিভাগকে তাঁর এই পদে অধিষ্ঠিত হওয়ার কথা জানান। এ ব্যাপারে গত ১৪ নভেম্বর প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। গত ২৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহিবুল হাসানের এমএস কোর্সের ছুটি মঞ্জুর হয়নি। তিনি প্রেষণেও যাননি। এ কারণে তিনি ক্লাস করতে পারছেন না। অধ্যক্ষ মহিবুল হাসান বলেন, মহিবুল হাসান ক্লাস করতে পারছেন না। তাঁর সঙ্গে যাঁরা ভর্তি হয়েছেন তাঁরাও কেউ ক্লাস করতে পারছেন না। তাঁদের সবারই ভর্তি বাতিল হতে পারে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আব্দুর রশিদ প্রথম আলোকে বলেন, তদন্ত এখনো শেষ হয়নি। যা বলার তিনি তদন্ত প্রতিবেদনেই উল্লেখ করবেন।