সেই মাঠ কর্মকর্তা বরখাস্ত তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের কিস্তি আদায় করতে গিয়ে ঋণগ্রহীতার মেয়েকে অপহরণ করার দায়ে পল্লী প্রগতি সহায়ক সমিতির সেই মাঠ কর্মকর্তা আবুল কালাম আজাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক ওলিয়ার রহমান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অভিযুক্ত আবুল কালাম আজাদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে সমিতির পরিচালক মাহবুবুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন: সহকারী পরিচালক আবদুল কুদ্দুস মোল্লা ও আঞ্চলিক ব্যবস্থাপক ইসাহাক সর্দার। কমিটিকে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এদিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল জেলার বিচারিক হাকিম মো. মুমিনুর হাসানের আদালতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত ওই মাঠ কর্মকর্তার এক দিনের জেলগেট রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, আগামী সোম কিংবা মঙ্গলবার জেলগেটে ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে গতকাল বুধবার ঋণগ্রহীতার মেয়ে আয়শা (১১) বলে, ‘গত সোমবার সকাল ১০টার দিকে ওই কর্মকর্তা একটি বাইসাইকেলে করে আমাদের বাড়িতে আসেন। ওই সময় বাড়িতে আমি একাই ছিলাম। মা টাকা সংগ্রহ করতে গেছেন বললে তিনি রেগে যান এবং বলেন, “তোকে ধরে নিয়ে যাব, টাকা দিয়ে তোর মা ছাড়িয়ে আনবে”। এ কথা শুনে আমি কান্নাকাটি শুরু করি। তার পরও ওই মাঠ কর্মকর্তা আমাকে তাঁর বাইসাইকেলে উঠিয়ে নেন। মালিগ্রাম অফিসে যাওয়ার পথে তুজারপুর ও চরকান্দা আতাদি নামের দুটি জায়গায় নিয়ে যান। সেখানে ঋণগ্রহীতাদের আমাকে দেখিয়ে বলেন, “সময়মতো ঋণ না দিলে এই মেয়ের মতো তোমাদের ছেলেমেয়েকেও নিয়ে যাব”। এরপর মালিগ্রাম অফিসে নিয়ে আমাকে একটি ঘরে আটকে রাখেন। পরে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ আমাকে উদ্ধার করে।’ ভাঙ্গা পৌরসভার মেয়র আবু সাঈদ মো. রেজা বলেন, ‘ঋণের টাকা আদায়ের জন্য মেয়েকে অপহরণ করা একটি গুরুতর অপরাধ। আমি এসব দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’ ভাঙ্গা উপজেলার আতাদী এলাকার বীণা বেগম গত মার্চ মাসে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়তা সমিতির কাছ থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন। এ টাকা এক বছরের মধ্যে ৪৫টি কিস্তিতে দেওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে বীণা বেগম পর পর তিনটি কিস্তির টাকা জমা দিতে না পারায় ওই সমিতির মাঠ কর্মকর্তা আবুল কালাম আজাদ বীণা বেগমের মেয়ে আয়শাকে গত সোমবার ধরে নিয়ে যান। এ ব্যাপারে বীণা বেগম ওই মাঠ কর্মকর্তাসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে ওই রাতেই ভাঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন। ভ্রম সংশোধন: গতকালের পত্রিকায় ঋণগ্রহীতার নাম দিনা বেগম ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তাঁর নাম বীণা বেগম।