সেই মায়ের পাশে নীলসাগর গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিবের পক্ষ থেকে সম্প্রতি মেহেবুব জাহেদীর চিকিৎসার জন্য মাজেদা খাতুনের হাতে এক লাখ টাকা তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিবের পক্ষ থেকে সম্প্রতি মেহেবুব জাহেদীর চিকিৎসার জন্য মাজেদা খাতুনের হাতে এক লাখ টাকা তুলে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

ছেলে মেহেবুব জাহেদীর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হন নীলফামারীর ডিমলা উপজেলার কোরানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা মাজেদা খাতুন। মাজেদার পরিবারের পাশে এবার দাঁড়িয়েছে নীলসাগর গ্রুপ।
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব গত ২৬ ডিসেম্বর মাজেদা খাতুনকে এক লাখ টাকা দিয়েছেন। আহসান হাবিব তাঁর প্রয়াত স্ত্রী প্রকৌশলী শাহানা খানমের নামে করা ‘শাহানা খানম ফাউন্ডেশন’-এর তহবিল থেকে ওই টাকা দেন। দুপুরে মাজেদা খাতুনের ডিমলা শহরের হাসপাতাল সড়কের বাসভবনে যান নীলসাগর গ্রুপের একটি প্রতিষ্ঠান অনুভব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তামজিদুল আলম। এ সময় আহসান হাবিবের পক্ষ থেকে তিনি ওই টাকা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অনুভব ফাউন্ডেশনের সমন্বয়কারী শিশির রঞ্জন রায়, সমাজসেবক সাহিদ আহম্মেদ, ডিমলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর সাখাওয়াতুল ইসলাম, মাজেদা খাতুনের স্বামী আবু বেলাল সরকার, তাঁদের ছেলে মেহেবুব জাহেদী প্রমুখ।
আবু বেলাল সরকার বলেন, ‘এখনো কিছু মানুষের মানবতার কারণে কিছু মানুষ বেঁচে আছে। আপনারা আমার ছেলের পাশে দাঁড়িয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।’
‘তবু মাথা নোয়াবার নয়’ শিরোনামে গত ২৪ ডিসেম্বর প্রথম আলোর অধুনায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর মেহেবুব জাহেদীর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য অনেকে সহযোগিতার আশ্বাস দেন।