সেই মিছবা আ.লীগের প্রার্থী হচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মিছবা জামান তালুকদার। পলাতক অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকেও বরখাস্ত হন। প্রায় তিন মাস জেল খেটে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি। তিনিই সিলেটের জকিগঞ্জের বারহাল ইউপিতে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেতে যাচ্ছেন।
জকিগঞ্জ উপজেলার নয়টি ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে ৭ মার্চ বারহাল ইউনিয়ন আওয়ামী লীগ তৃণমূলের মতামত নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য তিনজনের নাম প্রস্তাব করে। এর মধ্যে প্রথমেই আসে মিছবা জামানের নাম। পরে উপজেলা কমিটির নেতারা জকিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের দুই নেতার কাছে তিনজনের নাম জমা দিলে সেখান থেকে শুধু মিছবার নাম কেন্দ্রে পাঠানো হয়।
মিছবা জামানের মনোনয়ন নিয়ে বারহালের ওয়ার্ড পর্যায়ের ১২ জন নেতার সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, তাই তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তিনজনের মধ্যে মিছবার নাম থাকলেও অনেকের ধারণা ছিল—ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়া, জেল খাটা এবং পরবর্তী সময়ে বরখাস্ত হওয়া—এসব দিক বিবেচনায় পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীকে বেছে নেওয়া হবে। মিছবাকে নিয়ে জেলার নেতাদের বিশেষ আগ্রহের কারণে বিকল্প খোঁজা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।
জকিগঞ্জের ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রক্রিয়া সমন্বয় করেন জেলা আওয়ামী লীগের দুই নেতা। তাঁদের একজন জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, ওই ইউপিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ বেশ শক্তিশালী। মিছবা ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে নৌকার জয়ের সম্ভাবনা থাকত না।
মামলার নথি থেকে জানা গেছে, বারহাল ইউনিয়নের এক কিশোরী অপহৃত হয়ে ২০১১ সালের ১৪ নভেম্বর ধর্ষণের শিকার হয়। পরে কিশোরীর বাবা বারহাল ইউনিয়নের গ্রাম আদালতে বিচার চাইতে যান। মিছবা জামান তখন ইউপি চেয়ারম্যান। সালিসের আশ্বাস দিয়ে ওই বছরের ৫ ডিসেম্বর কিশোরীকে সিলেট শহরে নিয়ে যান তিনি। সেখানে একটি আবাসিক হোটেলে আটকে রেখে মিছবাসহ তিনজন কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও জকিগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম মামলার তদন্ত করে ধর্ষণের সত্যতা পান। মিছবাসহ তিনজনকে অভিযুক্ত করে এক মাসের মাথায় অভিযোগপত্র দেন তিনি। এরপর থেকে মিছবা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন। পরে মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।
মামলা প্রত্যাহার-সংক্রান্ত নথিপত্র সিলেটের সরকারি কৌঁসুলির (পিপি) দপ্তরে এলে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘ধর্ষণের মামলায় অভিযোগপত্র/ পরে রাজনৈতিক হয়রানিমূলক!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে তখন চাঞ্চল্যের সৃষ্টি হয়। শেষে আর মামলা প্রত্যাহার হয়নি। পরে ইউনিয়ন পরিষদ সদস্যদের অনাস্থায় চেয়ারম্যান পদ হারান মিছবা। ওই বছরের ২৩ ডিসেম্বর তিনি গ্রেপ্তার হয়ে প্রায় তিন মাস জেল খেটে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন।
মুঠোফোনে যোগাযোগ করলে গত শনিবার মিছবা জামান দলীয় মনোনয়ন সংগ্রহে ঢাকায় অবস্থান করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি আসলে ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। মামলা প্রত্যাহারের আবেদন করে ওই সময় দল থেকে সহায়তা পাইনি ঠিক; কিন্তু দল আমাকে ছাড়েনি, আমি মনোনীত হয়েছি। মামলাটিও নিষ্পত্তির পথে। আমি জামিন নিয়ে এসে আইনিভাবেই এখন লড়ছি।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ এ প্রসঙ্গে বলেন, মিছবার বিরুদ্ধে যে অভিযোগ, সেটি আদালতে বিচারাধীন। তাই তাঁকে অপরাধী ভাবা ঠিক না। তা ছাড়া তাঁর নামটি তৃণমূল থেকে প্রস্তাবিত হয়ে গেছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এসব দিক বিবেচনা করবে। কেন্দ্র থেকে বাদ পড়লে না হয় বিকল্প খোঁজা হবে।