সেই মিনার এখন প্রথম শ্রেণির কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনার উদ্দিন
মিনার উদ্দিন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীর্ঘদিন দুর্বিষহ জীবন কাটাতে হয় মিনার উদ্দিনকে। কেটে ফেলতে হয় ডান হাত আর ডান পা। দেশে দীর্ঘদিনের চিকিৎসা শেষে ভারতে গিয়ে আটটি অস্ত্রোপচারের পর তিনি দেশে ফিরেছেন আট–দশ দিন আগে। আজকে তিনি পেলেন জীবনের অন্যতম সেরা এক খবর। প্রথম শ্রেণির চাকরি পেলেন মিনার উদ্দিন।

আজ ৩৬তম বিসিএস নন–ক্যাডারে যে ২৮৪ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি, তাতে তিনিও পেয়েছেন চাকরি। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে তথ্য ও ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন। চাকরি পেয়ে তিনি বললেন, ‘যে ঝড় আমার জীবনের ওপর দিয়ে গেছে, তাতে আমার কাছে এই চাকরি অনেক ভালো একটি পাওয়া। নিজেকে অনেক নির্ভার লাগছে।’

স্কুলে পড়া অবস্থায়ই ছাত্র পড়িয়ে নিজের ও পরিবারের খরচ চালাতেন মিনার উদ্দিন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—দুটিতেই জিপিএ-৫ পেয়েছেন। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। সেখানেও ভালো ফল। এরপর ৩৬তম বিসিএসে প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় পাস করেন। লিখিত পরীক্ষাও পাস করলেন। মৌখিক পরীক্ষা দেবেন, উত্তীর্ণ হয়ে বিসিএস ক্যাডার হবেন, চিরতরে দূর করবেন পরিবারের অভাব—এভাবে প্রতিদিন যখন তিনি স্বপ্নের জাল বুনছিলেন, তখনই তাঁর জীবনে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর রাতে কয়েকজন ছাত্রকে নিয়ে চট্টগ্রামে বাড়ির পাশের ভরা পুকুর বাজারের পাশের নতুন হওয়া একটি দোতলা ভবনে কথা বলছিলেন। ওই ভবনের সঙ্গেই একটি বিদ্যুতের তার ঝুলে ছিল। আকস্মিকভাবে তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় মিনার। রাতেই ওকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরদিন সকালেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। দীর্ঘ চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে আট মাস চিকিৎসকের নানা পরীক্ষা–নিরীক্ষা অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ তিনি। এর এক ফাঁকে বিসিএসে মৌখিক পরীক্ষা দেন তিনি। বুনতে থাকেন আশা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইনে মিনারের বাড়ি। তাঁরা তিন ভাই এক বোন। মিনার দ্বিতীয়। বাবা পেশায় গাড়িচালক ছিলেন। মিনার স্কুলে পড়া অবস্থায় তিনি ক্যানসারে আক্রান্ত হন। এরপর মিনার ছাত্র পড়িয়ে আয় করে বাবার চিকিৎসা করাতে থাকেন। এর মধ্যেই তৈলারদ্বীপ বারখাইন ইশরাত আলী স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে ২০০৬ সালে মিনার মাধ্যমিক পাস করেন। ২০০৭ সালে চট্টগ্রামের কমার্স কলেজে একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় বাবা মারা যান। ২০০৮ সালে উচ্চমাধ্যমিক পাস করে মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচে ভর্তি হন। থাকতেন এফ রহমান হলের ৩১৯ নম্বর কক্ষে। বিবিএতে সিজিপিএ ৩.৪০ এবং এমবিএতে ৩.৬০ পান মিনার।

জীবনের নানা চড়াই–উতরাই পার হয়ে এখন তাই নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। চাকরি পেয়ে তিনি তাই অনেকটাই আশাবাদী। মিনার বলেন, ‘যেখানেই দায়িত্ব দিক, আমি ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজ করব। এর মাধ্যমে আমার একটি স্বপ্ন পূরণ হলো। সবার সহযোগিতায় এখন শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই।’