সেই মেয়েটিকে সেফ হোমে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে থানায় কষ্ট পাওয়া অন্তঃসত্ত্বা সেই মেয়েটিকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার থেকে গতকাল সকাল পর্যন্ত মেয়েটি এবং তার মাকে হাজীগঞ্জ থানার ভেতর এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বসার কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তাদের শোয়ার বা চলাফেরার ব্যবস্থা ছিল না। এ নিয়ে গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘মেয়েটি কেন থানায়?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গতকাল রাত পৌনে আটটায় প্রথম আলোকে জানান, পুলিশ মেয়েটিকে নিয়ে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে।
থানা ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণির মেয়েটিকে গত ১০ মার্চ অপহরণ করেন আল-আমিন নামের দূর সম্পর্কের এক আত্মীয়। এ ঘটনায় মেয়ের মা গত ১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় মামলা করেন। এতে আল-আমিন, তাঁর বাবা মো. সফিক, মা লুৎফা বেগম ও বোন রুনা আক্তারকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারে এ বিষয়ে সালিস বৈঠক চলাকালে পুলিশ সেখান থেকে সফিককে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে গাজীপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে তাকে চাঁদপুরের আদালতে হাজির করা হয়। মেয়েটি আদালতকে বলে, সে স্বেচ্ছায় আল-আমিনের সঙ্গে চলে গিয়েছিল। পরে তারা বিয়ে করে গাজীপুর আল-আমিনের বোনের বাসায় থাকতে শুরু করে। এখন সে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায় না। এ অবস্থায় আদালত তাকে মামলার তদন্ত কর্মকর্তা শাহ্জাহান ভূঁইয়ার হেফাজতে রাখার নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মো. শাহজাহান ভূঁইয়া বলেন, গতকাল সকালে চাঁদপুর সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার কাগজপত্র, মেয়ের মায়ের বক্তব্য ও মেয়ের বক্তব্য শুনে আদালত মেয়েটিকে নিকটবর্তী যেকোনো সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন সে ব্যবস্থাই করা হচ্ছে।