সেই মেহগনিগাছের কাটা ডালে পাতা ছেড়েছে

আজিমপুর রোডের ৫০ বছর বয়সী সেই মেহগনিগাছটির ছোট ছোট ডাল-পালা মেলেছে, কচি পাতা ছেড়েছে। এতে ডালহীন গাছটি সবুজ হয়ে উঠেছে।
গত ১২ এপ্রিল ‘অকারণে গাছ কাটা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপানো হয়েছিল। পরদিন ওই গাছটি কাটা বন্ধ করতে ও তা বাঁচিয়ে তুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিন মাসের মাথায় মেহগনিগাছটি সবুজ-সতেজ হয় উঠেছে। গাছটির মালিক ডিএসসিসি।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, গত অক্টোবরে আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গাছটি কাটার সিদ্ধান্ত হয়। আবেদনে বলা হয়, মোহাম্মদ আখতারুজ্জামান ফটক দিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়ার সময় গাছটির কারণে আজিমপুর রোডের দক্ষিণ দিক থেকে আসা যানবাহনের গতি বোঝা যায় না। এ ছাড়া এ গাছটি ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় হেলে পড়ার আশঙ্কা রয়েছে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর গাছটি কেটে ফেলতে দরপত্র আহ্বান করে ডিএসসিসি। চূড়ান্ত দরপত্রে গাছ কাটার কাজ পায় ডি এ এন্টারপ্রাইজ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, মোহাম্মদ আখতারুজ্জামান ফটকসংলগ্ন ফুটপাতঘেঁষে রয়েছে ওই মেহগনিগাছ। কাটা ডাল সবুজ পাতায় ছেয়ে গেছে। এতে গাছটি পথচারীদের নজর কাড়ছে। তবে ডালহীন গাছটির শিকড়ের অংশে কুড়ালের কোপের চিহ্ন যে কারও মনে দাগ কাটবে এখনো।
আজিমপুর সরকারি কলোনির বাসিন্দা (উত্তরাঞ্চল) আক্তার হোসেন বলেন, আখতারুজ্জামান ফটক দিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো সমস্যা হয় না। খামাখা এই গাছটি কাটা হচ্ছিল। অথচ আগে এই সড়ক ও ফুটপাতে গাছের ছায়া ছিল। এখন ফাঁকা ফাঁকা লাগছে।

আজিমপুর নিউ পল্টন লাইনের বাসিন্দা মো. হুমায়ুন বলেন, এই সড়কে চলাচলে ডালহীন গাছটির দিকে তাকালে মনে দাগ কাটে। এলাকায় পুরান গাছগুলোর মধ্যে এই মেহগনিগাছটি অন্যতম বড় ছিল। তবে মাসখানেক আগে থেকে গাছটিতে ছোট ছোট ডাল গজানোয় মনে স্বস্তি লাগছে।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, ওই গাছটি ঝুঁকিপূর্ণ, এমন কোনো আলামত ছিল না। গাছটি কাটার আগে তাঁকেও বিষয়টি জানানো হয়নি। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেনি। তবে ওই সময় গাছের গোড়ায় মাটি ফেলায় গাছটি বেঁচে গেছে। এখন সঠিকভাবে যত্ন নিয়ে এটিকে বাঁচিয়ে তোলা হবে।
জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আনছারুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই গাছটি সারিয়ে তুলতে চলতি সপ্তাহের মধ্যে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। তাঁদের পরামর্শ অনুযায়ী গাছটির সঠিক যত্ন নেওয়া হবে।