সেই মেয়র প্রার্থীর বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা
কুমিল্লার হোমনা পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. হারুন মিয়া, তাঁর সহোদর হোমনা উপজেলার চেয়ারম্যান মো. জহিরুল হকসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল জলিলের চাচাতো ভাই মো. আবদুল মুবিন। গত রোববার দুপুরে হোমনা থানায় ওই মামলা হয়। এর আগে গত ২১ ডিসেম্বর কুমিল্লার তিন নম্বর আমলি আদালতে ওই মেয়র পদপ্রার্থীসহ তাঁর তিন ভাইকে বিবাদী করে একই ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মামলা করেছিলেন। মামলায় বাদী উল্লেখ করেন, গত শনিবার সন্ধ্যা ছয়টায় মেয়র পদপ্রার্থীসহ তাঁর সহোদর ছয় ভাই ও তিন আত্মীয় উপজেলা সদরের তাঁর দোকান থেকে ১০ হাজার টাকা নিয়ে যান। একই সঙ্গে তাঁকে মারধর করা হয়। মারধরের পর তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় হোমনায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক বলেন, ‘আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল জলিলের আপন চাচাতো ভাই ওই মামলা করেন। আমাদের পরিবার যেন নির্বাচন না করতে পারে, তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ওই মামলা করেছেন। এর আগে আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেছিলেন। অথচ যুদ্ধ চলাকালীন সময় আমার বড় ভাই মেয়র পদপ্রার্থী হারুন মিয়ার বয়স ছিল ১৩ বছর, মেজো ভাই দাউদুলের বয়স ছিল ১২ বছর এবং আমার বয়স ছিল ১০ বছর।’