সেই মেয়েটির যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের সেই যুবক অবশেষে যৌতুক ছাড়াই বদরগঞ্জের রোকসানা খাতুনকে বিয়ে করেছেন। গত রোববার রাত ১০টায় কনের বাড়িতে দুই লাখ টাকা দেনমোহরে ওই বিয়ে হয়। বিয়েতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিয়েবাড়িতে বর হাসু মিয়া সবার উপস্থিতিতে প্রথম আলোর এ প্রতিনিধিকে বলেন, ‘যৌতুক নেওয়া অপরাধ, জানতাম না। আমি যৌতুক নেব না। যে ২০ হাজার টাকা নিয়েছিলাম, তা মেয়ের বাবাকে ফেরত দেব। আমাকে ক্ষমা করবেন। আমাদের জন্য দোয়া করবেন।’ কনে রোকসানা খাতুন সাংবাদিকদের বলেন, ‘বিয়ে হওয়াতে আমি খুশি। মানুষের অনেক কথা থেকে রক্ষা পেলাম। দোয়া করবেন, আমি যেন সংসারজীবনে সুখে থাকি।’কনের বাবা একরামুল হক বলেন, ‘শুক্রবার বিয়ের দিন ওদের (বরপক্ষের) হাতে-পায়ে ধরে কান্নাকাটি করেছিলাম। টাকা না দেওয়ায় বিয়ে করতে আসেনি। আর আজ (গত রোববার) ওরা মেয়েকে বিনা টাকায় বিয়ে করার জন্য সারা দিন আমার হাতে-পায়ে ধরেছে। আপনাদের (সাংবাদিক) কারণেই মেয়েটির বিয়ে হলো। আপাতত মুক্তি পেলাম।’যৌতুকের টাকা দিতে না পারায় হাসু মিয়া রোকসানাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘বিয়েবাড়িতে হঠাৎ নীরবতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।