সেই মোমেনা এসএসসি পাস করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ হাতের দুটি আঙুল ও ডান কান কেটে ফেলা সেই মোমেনা খাতুন এসএসসি পরীক্ষায় পাস করেছে। সে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে ফলাফল জানার পর মোমেনা খাতুন বলে, ‘মাথায় যন্ত্রণার কারণে ঠিকমতো পড়তে পারতাম না। পরীক্ষার আগে পাঁচ মাস ডান হাতে কলম ধরতে পারিনি। শুধু মনে হতো, ডাক্তার হওয়ার স্বপ্ন বোধ হয় আর জীবনেও পূরণ হবে না। এখন মনোবল অনেকটা বেড়েছে।’

মোমেনার বাবা দেয়াড়া গ্রামের কৃষক শাহবুদ্দিন বলেন, ‘জন (দিনমজুর) খাটে খাই। মাঠে দু-চার বিঘে জমি আছে। ইচ্ছে ছিল, যেটুকু ধনসম্পদ আছে, তাই বেইচে মেয়েকে ডাক্তার বানাব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, দেয়াড়া গ্রামের ইব্রাহিম (১৮) বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই মোমেনাকে উত্ত্যক্ত করত। গত বছরের ১৬ মে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মোমেনার ওপর আকস্মিক হামলা চালায় ইব্রাহিম। এ সময় ইব্রাহিম দা দিয়ে মোমেনার বাঁ হাতের দুটি আঙুল ও ডান কান কেটে ফেলে। এ ছাড়া ডান হাতের পাঞ্জার একটি হাড় ও দুটি আঙুলের রগ কেটে যায়। তার ঘাড় ও মাথায় এলোপাতাড়ি চারটি কোপ দেয়। এ ঘটনার পর মোমেনাকে যশোর জেনারেল হাসপাতালে ১৪ দিন এবং ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাস চিকিৎসা নিতে হয়েছে।

এ ব্যাপারে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ছাড়া হামলাকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রথম আলো বন্ধুসভা যশোর শহরে মানববন্ধন করে। চিকিৎসা ও লেখাপড়ার খরচ চালানোর জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতাল থেকে মোমেনাকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বলেন, ‘মোমেনাকে নিয়ে আমাদের অনেক আশা। সে অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মেয়ে।’