সেই মৎস্যবীজ উৎপাদন খামারের সংষ্কারকাজ শুরু
অবশেষে দিনাজপুরের বিরামপুর উপজেলার ‘চরকাই মৎস্যবীজ উৎপাদন খামারের’ সীমানাপ্রাচীর নির্মাণসহ কার্যালয় ভবন সংস্কার ও মেরামতকাজ গতকাল শনিবার শুরু হয়েছে। এসব মেরামত ও সংস্কারকাজের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক।
২০১২ সালের ১৭ ডিসেম্বর প্রথম আলোয় ‘অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে ইজারা, ধ্বংসের পথে মৎস্য খামার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত ১৯ আগস্ট চরকাই মৎস্যবীজ উৎপাদন খামারটি ফিরে পায় সরকার। ২৪ আগস্ট প্রথম আলোয় ‘মৎস্যবীজ খামারটি ফিরে পেল সরকার’ শিরোনামে আরেকটি ফলোআপ প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সাংসদ শিবলী সাদিক ৫৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ওই খামারে সীমানাপ্রাচীর ও পাঁচ লাখ টাকা ব্যয়ে অফিস ভবনের মেরামত ও সংস্কারকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুজ্জামান আল মাসউদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান ফেরদৌস প্রমুখ।