সেই যন্ত্রটিই এখন অনেকটা ঘায়েল!

উল্টো পথে গাড়িচলা প্রতিরোধে ট্রাফিক পুলিশের স্থাপন করা যন্ত্রের ধাতব কাঁটাগুলোর বেশ কয়েকটি দেবে গেছে। বেঁকে প্রায় অকেজো হয়ে গেছে আরও বেশ কয়েকটি কাঁটা। উদ্বোধনের মাত্র তিন দিনের মধ্যে প্রায় নষ্ট হয়ে গেছে এ যন্ত্রটি।
গত শুক্রবার রমনা পার্কের অরুণোদয় ফটকের সামনে এ প্রতিরোধকযন্ত্র স্থাপন করেছিল ঢাকা মহানগর ট্রাফিক (দক্ষিণ)। এর উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার।
জানতে চাইলে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইব্রাহীম খান প্রথম আলোকে বলেন, ‘এটা মূলত একটি পাইলট প্রজেক্ট। এখানে ত্রুটি বা ঝামেলাগুলো দেখা দিয়েছে, তা আমরা সারানোর চেষ্টা করছি। এ ব্যাপারে বুয়েটেও কথাবার্তা চলছে। এ প্রতিরোধযন্ত্রটিকে কীভাবে আরও মজবুত করা যায় সে বিষয়ে কাজ চলছে।’
ওই প্রতিরোধকযন্ত্রটি স্থাপনের পর এক মাস ধরে প্রচারপত্র বিলি করে জনসচেতনতা বাড়ানোর পরিকল্পনা ছিল। প্রচেষ্টা সফল হলে নগরের বিভিন্ন সড়কে যন্ত্রটি স্থাপনের জন্য ট্রাফিকের অন্য বিভাগগুলোতে চিঠি দেওয়ারও পরিকল্পনা ছিল। কিন্তু এসব কিছু ঘটার আগেই মাত্র তিন দিনের মধ্যেই প্রায় অকেজো হয়ে গেছে। উল্টো পথে চলা যানবাহনকে ঘায়েল করতে স্থাপিত এ যন্ত্রটিই এখন যানবাহনের চাপায় অনেকটা ঘায়েল!