সেই যন্ত্রপাতি কেনার দুই কোটি টাকাও পরিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেই যন্ত্রপাতি ক্রয় নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলছে। তদন্ত চলাকালেই এ ক্রয়ের বাকি প্রায় দুই কোটি টাকার বিলও সংশ্লিষ্ট ঠিকাদারদের পরিশোধ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, হাসপাতালের অগ্রাধিকারভিত্তিক চাহিদা ছাড়াই রামেক কর্তৃপক্ষ ২০০৯-১০ অর্থবছরে ১২ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ১০১ প্রকারের যন্ত্রপাতি কেনে। নিয়ম অনুযায়ী হাসপাতালের ভান্ডারের রেজিস্ট্রারভুক্ত হওয়ার পরই যন্ত্রগুলো হাসপাতালের ওয়ার্ডে পাঠানোর কথা। কিন্তু রামেক কর্তৃপক্ষ যন্ত্রগুলো সরাসরি হাসপাতালের বিভিন্ন বিভাগের ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১০ সালের নভেম্বর মাসে এই ক্রয়ের বিষয়ে নিরীক্ষা আপত্তি আসে। নিরীক্ষা বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করে। এর জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যন্ত্রগুলো কেনার সঙ্গে কোনোভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত নয়। রামেক কর্তৃপক্ষ যন্ত্রপাতি ক্রয়ের সঙ্গে জড়িত। দুদক সূত্রে জানা গেছে, এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী থেকে গত বছর মার্চ মাসে রামেক কর্তৃপক্ষের কাছে যন্ত্র ক্রয়ের প্রমাণপত্র চাওয়া হয়। রামেক সূত্রে জানা গেছে, এই কেনাকাটার প্রায় দুই কোটি টাকা পাওনা ছিল। গত ১১ জানুয়ারি এই টাকা রাজশাহী জেলা হিসাবরক্ষকের কার্যালয় জমা হয়। ৬০৯০৬১০১ নম্বর চেকের মাধ্যমে সম্প্রতি মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর বাদ দিয়ে ঠিকাদারকে এক কোটি ৭৪ লাখ ৭২ হাজার টাকা পরিশোধ করা হয়। এ বিষয়ে রামেকের অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, মহাপরিচালক (ডিজি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন সাপেক্ষে এই বিল দেওয়া হয়েছে।