সেই যুদ্ধ, সেই অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল। কমলাপুর স্টেশনে লম্বা সারি আর দীর্ঘ সময় অপেক্ষা করে সেই টিকিট পেয়ে স্বস্তির হাসি দুই তরুণীর l ছবি: প্রথম আলো
ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল। কমলাপুর স্টেশনে লম্বা সারি আর দীর্ঘ সময় অপেক্ষা করে সেই টিকিট পেয়ে স্বস্তির হাসি দুই তরুণীর l ছবি: প্রথম আলো

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই দেখা গেছে টিকিট পেতে মানুষের সেই যুদ্ধ। টিকিট না পাওয়া মানুষের মুখে শোনা গেছে আগেরবারের মতো টিকিট বিক্রিতে অদক্ষতা, কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ।
পবিত্র ঈদুল আজহায় ঘরমুখী মানুষের জন্য বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার। প্রথম দিনে বিক্রি করা হয়েছে আগামী ১ অক্টোবরের যাত্রার টিকিট। এই টিকিট পেতে আগের রাত থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কাউন্টারের সামনে সারিতে দাঁড়িয়েছেন মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে সারির দৈর্ঘ্য। ভোরে সারি দীর্ঘ হতে হতে সকাল নয়টায় টিকিট বিক্রি শুরুর সময় তা চত্বর ছাড়িয়ে যায়। নারীদের জন্য ছিল পৃথক সারি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর টিকিট পাওয়া ব্যক্তির মুখে দেখা গেছে যুদ্ধ জয়ের হাসি। কেউ কেউ টিকিট উঁচিয়ে ধরে ‘ভি’ চিহ্ন দেখিয়ে উল্লাস করে স্টেশন ছাড়েন।
সকাল আটটায় কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিটি কাউন্টারের সামনে দীর্ঘ সারি। আঁকাবাঁকা হয়ে সেগুলোর শেষ প্রান্ত চত্বর ছাড়িয়ে গেছে। সারিতে থাকা বেশ কয়েকজন অভিযোগ করেন, টিকিট বিক্রির গতি ধীর। তাঁদের একজন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আতাউর রহমান চৌধুরী বলেন, ‘লাইনে দাঁড়ানোর পর তথ্য পূরণের জন্য স্টেশন থেকে একটি চাহিদাপত্র দেওয়া হচ্ছে। টিকিট কাটার সময় যাত্রীরা তা কাউন্টারে জমা দিলেও এসব তথ্য কম্পিউটারে লিখে টিকিট দিতে অনেক সময় নিচ্ছেন বিক্রেতারা। কম্পিউটারে তাঁরা অদক্ষ।’
চট্টগ্রামে যাওয়ার জন্য ভোরে সারিতে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলে আমিন। তবে তিনি এসি (তাপানুকূল) টিকিট চাইলেও না পাওয়ায় ক্ষুদ্ধ। তাঁর ভাষ্য, ‘টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বলা হলো, এসি আসনের টিকিট শেষ। টিকিট গেল কোথায়? সব এসির টিকিট কালোবাজারি হচ্ছে।’ মাইনুল ইসলাম, ফারাবী ইসলাম ও সোহরাব জোয়ার্দার অভিযোগ করেন, রেলের লোকজন সামনে থেকে সরলেই কিছু লোক লাইনে না দাঁড়িয়ে তাদের কাছ থেকে টিকিট নিতে বলছে। তবে তাঁরা কাউন্টার থেকেই টিকিট কিনেছেন।
দিনের সব কটি ট্রেন মিলিয়ে তাপানুকূল (এসি) আসন ও বার্থের (শুয়ে যাওয়ার ব্যবস্থা) টিকিট আছে এক হাজার ৮০২টি। এর মধ্যে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) ও ই-টিকিটের জন্য কিছু বরাদ্দ থাকে। ভিআইপি ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও কিছু বরাদ্দ থাকে। বাকিগুলো পান সাধারণ যাত্রীরা।
এ ব্যাপারে রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, কেবিন ও এসি প্রথম শ্রেণির টিকিট সীমিত হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে। তবে এত দ্রুত শেষ হওয়ার কথা নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ধারণা, ঈদের সময়ে প্রতিদিন সব কটি ট্রেনে বসে ও দাঁড়িয়ে দুই লাখের মতো যাত্রী আসা-যাওয়া করবেন।’
মহাপরিচালক বলেন, ট্রেনের ছাদে উঠে ভ্রমণ বিপজ্জনক, অনিরাপদ। এ ব্যাপারে যাত্রীদের সচেতন হতে হবে।
রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর, চট্টগ্রাম ও সিলেট স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে কমলাপুরে বিক্রি হচ্ছে ১১ হাজার টিকিট। যাঁরা গতকাল টিকিট পাননি, তাঁরা আসনবিহীন টিকিট কেনার সুযোগ পাবেন যাত্রার দিন। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ শনিবার দেওয়া হবে ২ অক্টোবরের টিকিট। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে বিক্রি করা হবে যথাক্রমে ৩, ৪ ও ৫ অক্টোবরে যাত্রার টিকিট। ৩ অক্টোবর থেকে দেওয়া হবে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। ফিরতি টিকিটের যাত্রা শুরু হবে ঈদের দুই দিন পর থেকে।
ফিরতি টিকিট কমলাপুর, চট্টগ্রাম, সিলেট স্টেশনের পাশাপাশি রাজশাহী, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, খুলনাসহ বিভিন্ন স্থানে বিক্রি হবে।
রেলসূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর), ঢাকা-পার্বতীপুর, চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-খুলনা এবং ঈদের দিন ভৈরব-শোলাকিয়া ও ময়মনসিংহ-শোলাকিয়ায় ট্রেনের বিশেষ সার্ভিস চালু হবে। এ ছাড়া রেলে নতুন বগিও সংযোজন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মনসুর আলী সিকদার সাংবাদিকদের বলেন, ‘সরকারি নিয়মে নয়টা থেকে টিকিট বিক্রি হবে। যাত্রীরা সম্মিলিতভাবে অভিযোগ দিলে সময় পরিবর্তনের চিন্তা করা হবে।’