সেই যুবক এখন পঙ্গুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজপথে রোগী নিয়ে স্বজনের এই বিড়ম্বনার কারণটা বড় অদ্ভুত৷ খুলনা থেকে গতকাল রোগী নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে আসছিলেন তাঁরা৷ সন্ধ্যায় হেয়ার রোডে এসে যানজটে আটকা পড়লে দ্রুত উল্টোপথেই যাওয়ার চেষ্টা করেন৷ চালকের জানা ছিল না এই পথে সমপ্রতি গতিরোধক বসানো হয়েছে৷ ট্রফিক পুলিশও সতর্ক করেনি তাঁকে৷ গতিরোধক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের চারটি চাকাই ফুটো হয়ে যায়৷ বাধ্য হয়ে রোগীকে রাস্তায় নামিয়েই শুশ্রূষা করছেন স্বজন। ছবি: ইউসুফ সা’দ
রাজপথে রোগী নিয়ে স্বজনের এই বিড়ম্বনার কারণটা বড় অদ্ভুত৷ খুলনা থেকে গতকাল রোগী নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে আসছিলেন তাঁরা৷ সন্ধ্যায় হেয়ার রোডে এসে যানজটে আটকা পড়লে দ্রুত উল্টোপথেই যাওয়ার চেষ্টা করেন৷ চালকের জানা ছিল না এই পথে সমপ্রতি গতিরোধক বসানো হয়েছে৷ ট্রফিক পুলিশও সতর্ক করেনি তাঁকে৷ গতিরোধক পার হতে গিয়ে অ্যাম্বুলেন্সের চারটি চাকাই ফুটো হয়ে যায়৷ বাধ্য হয়ে রোগীকে রাস্তায় নামিয়েই শুশ্রূষা করছেন স্বজন। ছবি: ইউসুফ সা’দ

রাজধানীর হেয়ার রোডে গতকাল বৃহস্পতিবার উল্টো পথে যাওয়ার সময় প্রতিরোধ যন্ত্রে ফুটো হয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের অসুস্থ যুবক বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিত্সাধীন। তাঁর নাম রিংকু ফরাজি (২৭)।

রিংকুর পরিবারের সদস্যরা জানান, চাকা ফুটো হওয়ায় রিংকুকে নিয়ে তাঁদের প্রায় এক ঘণ্টা রাজধানীর হেয়ার রোডে আটকে থাকতে হয়। পরে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আরেকটি অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁরা রিংকুকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন।
রিংকুর স্বজনেরা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে পঙ্গু হাসপাতালে রিংকুকে ভর্তি করা হয়। চিকিত্সকেরা প্রথম দফা তাঁর অস্ত্রোপচার করেছেন। আরও কয়েকটি অস্ত্রোপচার করতে হবে বলে চিকিত্সকেরা জানিয়েছেন। তবে রিংকু আশঙ্কামুক্ত।
আজ শুক্রবার দুপুরে পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষসংলগ্ন বারান্দায় মেঝেতে শুয়ে আছেন রিংকু। তাঁর দুই হাতে ব্যান্ডেজ। মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত। সঙ্গে রয়েছেন খালা রওশন আরা।
রওশন আরা জানান, খুলনা সদরের ফরাজি পাড়ায় বাবা আহাদ ফরাজি ও বড় ভাই পিংকু ফরাজির সঙ্গে থাকেন রিংকু। রিংকুর অল্প বয়সেই অসুস্থ হয়ে মারা যান মা ময়না বেগম। খুলনা সদরে ভাই পিংকুর একটি ফার্মেসি দোকান আছে। ভাইয়ের সঙ্গে দোকানে বসেন তিনি।
আহত হওয়ার কারণ জানতে চাইলে রিংকু প্রথম আলোকে বলেন, গত বুধবার সকাল ১০টার দিকে তিনি খুলনার সরকারি আজমখান কমার্স কলেজসংলগ্ন হাজী মুহসীন রোডে ফুফুর বাসায় যান। সেখান থেকে ফেরার সময় খুলনার সরকারি আজমখান কমার্স কলেজের শিক্ষার্থী বন্ধু সবুজের সঙ্গে তিনি সাক্ষাত্ করেন। এ সময় কলেজের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। একটি পক্ষ তাঁদের ওপর হামলা চালায়।
আমাদের খুলনা প্রতিনিধি জানান, বুধবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে রিংকুসহ কয়েকজন আহত হন।
কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে রিংকুকে আবদুল খালেকের কর্মী বলা হয়েছে। তবে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে রিংকু দাবি করেছেন।
এদিকে রিংকুর ভাই পিংকু জানান, রিংকু কলেজে পড়েন না। তবে কলেজপড়ুয়া খালেক সমর্থক কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে।
উল্টো পথে অ্যাম্বুলেন্সের চাকা ফুটো হওয়ায় ভোগান্তির প্রসঙ্গে রিংকুর এক স্বজন বলেন, উল্টো পথে যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশের এ উদ্যোগ প্রশংসনীয়। তবে ভুলবশত এ ধরনের জটিলতার সৃষ্টি হলে ভুক্তভোগীদের সহায়তায় পুলিশের জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।