সেই যুবকের বিরুদ্ধে দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীতে কিরিচ নিয়ে হামলা করা যুবক মো. ফোরকানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর একটি মামলার বাদী আহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর আল আহসান। অন্য মামলাটি করেছেন হামলায় আহত নারী রেহানা আক্তারের স্বামী। গত বৃহস্পতিবার রাতে বোয়ালখালী থানায় মামলা দুটি করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা করায় ফোরকানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ফোরকানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক স্বপন মজুমদার বলেন, ফোরকানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফোরকান কিরিচ দিয়ে হামলা চালিয়ে বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক, এএসআই মো. নূরে আল আহসান, কনস্টেবল মো. শফিক, তৌহিদ ও পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা রেহানা আক্তারকে কুপিয়ে আহত করে। এ সময় পুলিশ গুলি ছুড়ে তাঁকে আটক করে।