সেই যুবলীগ নেতা ফের ইয়াবাসহ গ্রেপ্তার
আবারও ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হয়েছেন যুবলীগের নেতা মনসুর আলম মাতব্বর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেন। মনসুর ঢাকার আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আশুলিয়া থানার পুলিশ জানায়, র্যাব-১-এর একটি দল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবা বড়িসহ মনসুরকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে গতকাল আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, এর আগে গত ১৯ আগস্ট বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৫৩টি ইয়াবা বড়িসহ মনসুরকে গ্রেপ্তার করেছিল। এ ব্যাপারে ডিবির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ইয়াবাসহ মনসুর আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মনসুর দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা করলেও নানা কারণে তাঁকে ধরা সম্ভব হচ্ছিল না।
থানা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন খান জানান, তাঁরা বিষয়টি জানেন। শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে
আলোচনা করে শিগগিরই মনসুর আলমের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।