সেই যুবলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের নেতাদের হাতে লাঞ্ছিত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম গত মঙ্গলবার মামলা করেছেন। লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা করা হয়।এজাহারে লাঞ্ছিত করে শাহ আলমের কাছ থেকে জোরপূর্বক দুটি ঠিকাদারি কাজের সিকিউরিটি মানি ফেরত পাওয়ার দরখাস্তে স্বাক্ষর আদায় করে নেওয়ার অভিযোগ আনা হয়।মামলায় প্রধান আসামি করা হয় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীরকে। এ ছাড়া আরেক যুগ্ম আহ্বায়ক কামাল মিয়াসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।দুটি অভিযোগের অনুলিপি দেওয়া হয় স্বরাষ্ট্রসচিব, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। ইউএনও শাহ আলম বলেন, ‘নানাভাবে ভীতির মধ্যে রেখেছেন যুবলীগের নেতারা। তাঁদের আচরণে উপজেলা পরিষদের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।’অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘ইউএনওর মতে, আমরা যুবলীগের ক্যাডার। আমরা যুবলীগের ক্যাডার হলে ইউএনও প্রশাসনের ক্যাডার। তিনি স্থানীয় সাংসদকেও আমলে নেন না। সাংসদের দেওয়া উন্নয়ন তালিকায়ও তিনি ছুরি চালান। যেকোনো বিষয়কে জটিল করে ভাবা তাঁর নেশা, পেশা—দুটিই।’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূয়ীদ চৌধুরী প্রথম আলোকে বলেন, গত সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইউএনও স্যারের লিখিত অভিযোগ থানায় আসে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।