সেই রবিউল ইসলাম মারা গেছেন, লাশ নিয়ে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীর-গাছা উপজেলার দুধিয়াবাড়ি গ্রামে গরু চুরির অপবাদ দিয়ে মারধর করা সেই রবিউল ইসলাম (৩৪) মঙ্গলবার রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।পুলিশ গতকাল বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে রবিউলের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। তারা দোষী ব্যক্তিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচারের দাবিতে লাশ নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পীরগাছা সদর ইউনিয়নের দুধিয়াবাড়ি গ্রামের রজব আলীর ছেলে হোটেল বয় রবিউল ইসলামের সঙ্গে প্রতিবেশী স্বামীপরিত্যক্ত বুলবুলি বেগমের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জের ধরে পাশের তালুক ইসাদ দুধিয়াবাড়ি গ্রামের আবদুস ছোবহান ও তাঁর সহযোগীরা গরু চুরির অপবাদ দিয়ে তাঁকে ২১ ফেব্রুয়ারি রাতভর পাশবিক নির্যাতন করে। পরদিন সকালে পুলিশ রবিউলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় রবিউল ইসলামের স্ত্রী জমিরন বেগম বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে ২২ ফেব্রুয়ারি ১১ জনকে আসামি করে পীরগাছা থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই আসামি আবদুস ছোবহান, বুলবুলি বেগম, লেবু মিয়া, জোসনা বেগম, ওসনা বেগম ও মর্জিনা বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।২৫ ফেব্রুয়ারি ‘গরু চুরির অপবাদ দিয়ে...’ শীর্ষক একটি সংবাদ প্রথম আলোয় প্রকাশিত হয়।