সেই রবিউলের দেড় শ কলাগাছ কেটেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা গ্রামের সেই কৃষক রবিউল ইসলামের দেড় শতাধিক কলাগাছ গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা কেটে ফেলেছে। গত বছরের ৩০ জুন রবিউলের ২০ শতক জমির পটোলগাছ কেটে ফেলেছিল সন্ত্রাসীরা। বুধবার ওই গ্রামে গিয়ে রবিউল ইসলামকে পাওয়া যায়নি। গাছ দেখাশোনার দায়িত্বে থাকা তাঁর জামাতা মিকাইল হোসেন জানান, পারিবারিক সমস্যার কারণে রবিউল কয়েক দিন ধরে বাড়িতে নেই। গ্রামের আবুল শেখের কাছ থেকে এক বিঘা জমি এক বছরের জন্য বর্গা নিয়ে রবিউল কলার চাষ করেছেন। এতে আনুমানিক ২৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আশা করছিলেন কলা বিক্রি করে লাভ করবেন। কিন্তু সন্ত্রাসীদের কারণে এবারও তাঁর আশা ভঙ্গ হলো। মিকাইল জানান, কী অপরাধে এভাবে বারবার তাঁদের ক্ষতি করা হচ্ছে, তা বুঝতে পারছেন না। তাঁরা এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে কোনো দলের রাজনীতি করেন না। মিকাইল হোসেন আরও জানান, ভিটেবাড়ি ছাড়া তাঁদের কোনো জমি নেই। জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চলে। কলাগাছ কাটার ঘটনায় তাঁরা সাধারণ ডায়েরি করবেন। গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, পরিবারটি খুবই দরিদ্র। তাদের কোনো শত্রু আছে বলে মনে হয় না। তার পরও কেন বারবার এদের ওপর বিপদ আসছে, তা খতিয়ে দেখা দরকার। কালীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল খায়ের জানান, এ ব্যাপারে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।