সেই রবিন পালাল আবার গ্রেপ্তার হলো
আসামি ছুটছে। পেছনে দৌড়াচ্ছে পুলিশ। দৌড়াতে দৌড়াতে আসামি আশ্রয় নেন মুন্সিগঞ্জ শহরের নয়াগাঁও এলাকায়। কিছুক্ষণ পর পুলিশ এসে গোটা এলাকা ঘেরাও করে। একপর্যায়ে আসামি ঝাঁপ দেয় পানিতে। পুুলিশও ঝাঁপ দেয়। জাপটে ধরে আসামিকে। আসামির নাম রবিন। তাঁর ১০ বছরের সাজা রয়েছে। রবিন গতকাল পুলিশের হেফাজতে সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পালিয়ে যান। দেড় ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে, ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের কনস্টেবল মোহাম্মদ আলী ও সফিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।পুলিশ জানায়, গতকাল সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রবিন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে টয়লেটে যান। পুলিশ তাঁকে টয়লেটে প্রবেশ করিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। একটু পরে রবিন হঠাৎ করে দরজা খুলে পুলিশকে ধাক্কা মেরে দৌড় দেয়। গত বুধবার পূর্ব নয়াগাঁও এলাকা থেকে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও যুবলীগ কর্মী ওমর ফারুক হত্যাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রবিনের ছুরিকাঘাতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।