সেই রহিমের সবই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীকে বিয়ে করে বিদ্যালয়ের সভাপতির পদ হারিয়েছেন আবদুর রহিম (৩১)। নোটারি পাবলিক কার্যালয়ে ওই বিয়ে বাতিলও হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইনে থানায় মামলা দায়েরের পর তাঁর ছোট ভাই আবদুল করিম ও মাওলানা আবদুল লতিফকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি নিজেও পালিয়ে বেড়াচ্ছেন।
গত ২৬ জুন লালমনিরহাট নোটারি পাবলিকের কার্যালয়ে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১৩) জোর করে বিয়ে করেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিম। তাতে জালিয়াতি করে রহিমের বয়স ২৫ ও ছাত্রীর বয়স ১৮ বলে উল্লেখ করা হয়।
এ নিয়ে সোমবার প্রথম আলোয় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে সভাপতির বিয়ে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
পুলিশ জানায়, সদর উপজেলায় মোগলহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বাদী হয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে গত সোমবার রাতে লালমনিরহাট সদর থানায় মামলা করেন। মামলায় জোর করে বিয়ে করায় মোগলহাট ইউনিয়নে চরখারুয়া গ্রামের আবদুর রহিম, কলেমা পড়িয়ে বাল্যবিবাহ দেওয়ায় মাওলানা আবদুল লতিফকে আসামি করা হয়েছে।
গত সোমবার রাতেই লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চরখারুয়া গ্রাম থেকে আবদুর রহিমের ছোট ভাই আবদুল করিম ও আবদুল লতিফকে গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ মাওলানা আবদুল লতিফ ও রহিমের ভাই আবদুল করিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আবদুর রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় আবদুর রহিমকে বিদ্যালয়ের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে।
এদিকে সোমবার লালমনিরহাট নোটারি পাবলিক কার্যালয়ে বিবাহের এফিডেভিট বাতিল ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট জজ আদালতের আইনজীবী মো. আবদুস সামাদ ওই বিবাহ বাতিলের এফিডেভিটে স্বাক্ষর করেছেন।
গত ২৬ জুন রাশেদাকে কৌশলে লালমনিরহাটে এনে নোটারি পাবলিক কার্যালয়ে বিয়ে করেন আবদুর রহিম। পরে মাওলানা আবদুল লতিফ তাঁদের বিয়ে পড়ান। রহিমের প্রথম পক্ষের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।