সেই রাতে জেটি ঘাট
২০০৪ সালের ১ এপ্রিল রাত থেকে ২ এপ্রিল ভোর পর্যন্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র খালাস হয়।
কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমানের করা মামলার এজাহারে বলা হয়, ভূসি, চাল ও লবণের বস্তা দিয়ে ঢেকে ট্রলারে করে অস্ত্রগুলো সিইউএফএল জেটি ঘাটে আনা হয়। ট্রলারে চালের বস্তার নিচে বাক্সে ভরা ছিল অস্ত্র। পাঁচজনকে আটক করা হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যান উলফার লোকজন।
মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ১৬৪ ধারার জবানবন্দিতে বলেন, ১ এপ্রিল রাত আটটা-সাড়ে আটটার দিকে তিনি সিইউএফএল ঘাটে গেলে হাজি সোবহান, আরজু পাগলা ও দীন মোহাম্মদের সঙ্গে দেখা হয়। হাজি সোবহান মালামাল বহনকারী ট্রলার দুটি নেভাল একাডেমির কাছে মোহনায় নোঙরে রেখে এসেছেন। তিনি মালামাল খালাসের জন্য আট লাখ টাকা আরজুকে দেন। টাকা নেওয়ার সময় সেখানে সোবহানও ছিলেন। ভাড়া বাবদ সোবহানকে তিনি (হাফিজ) এক লাখ টাকা দেন। হাফিজ এরপর আসিফকে ট্রলার দুটি সিইউএফএল ঘাটে নেওয়ার ব্যবস্থা করতে বলেন। জামানের (পরেশ বড়ুয়া) লোকেরা আগেই সিইউএফএল ঘাটে সব প্রস্তুত করে রেখেছিল। মালামাল তোলার জন্য সাতটি ট্রাক প্রস্তুত ছিল। ক্রেনও আনা হয়েছিল।
জবানবন্দিতে হাফিজুর রহমান আরও বলেন, ট্রলার থেকে মালামাল খালাসের সময় রাত ১০টার দিকে পুলিশের সার্জেন্ট আলাউদ্দিন সিইউএফএল ঘাটে আসেন। তিনি দীন মোহাম্মদের সঙ্গে কথা বলে সাম্পানে করে কয়লার ডিপোর দিকে যান। ট্রলার থেকে মালামাল খালাসের সময় সাদা পোশাকের ওই সার্জেন্ট তিন-চারজন পুলিশ সদস্যসহ ফিরে আসেন। লুঙ্গি-শার্ট পরা পুলিশের ওই সদস্যদের হাতে অস্ত্র নয়, লাঠি ছিল। সার্জেন্ট ওসিকে মুঠোফোনে ঘটনাটি জানিয়ে পুলিশ পাঠাতে বলেন। হাফিজ অবস্থা বেগতিক দেখে তাঁর গাড়ি যেখানে ছিল, সেখানে রেখে সোবহানকে সঙ্গে নিয়ে পানি ও কাদা পার হয়ে মেরিন একাডেমির ঘাটের দিকে চলে যান। তাঁর গাড়িটিতে আরও প্রায় ২০ লাখ টাকা ছিল। পরে তিনি সাম্পান ভাড়া করে মেরিন একাডেমির ঘাট দিয়ে নদী পার হন এবং ভয়ে আত্মগোপন করেন।