সেই রাতে ঝরে গিয়েছিল ১৭ তাজা প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের ১৫ আগস্ট, তখনো ভোরের আলো উঁকি দেয়নি। ইতিহাসের সবচেয়ে বর্বরতম হত্যাকাণ্ডের ‘সফল’ সমাপ্তি হলো অবুঝ শিশু শেখ রাসেলকে গুলি করার মধ্য দিয়ে। ওই কালরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি ও তত্কালীন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত এবং শেখ ফজলুল হক মনির বাড়িতেও আক্রমণ করা হয়। ঘাতকদের গুলিতে কয়েক মুহূর্তে ঝরে পড়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ১৭টি তাজা প্রাণ। সে রাতে বাদ যায়নি রাজনীতির বাইরে থাকা একেবারেই অন্তপুরের নারীরাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় তাঁর বয়স ছিল ৫৮ বছর ৭ মাস। শেখ ফজিলাতুননেছা মুজিব: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। ১৯৩০ সালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। শোবার ঘরের দরজার সামনেই পড়ে ছিল তাঁর নিথর দেহ। শেখ কামাল: বঙ্গবন্ধুর বড় ছেলে। জন্ম ১৯৪৯ সালের ৫ আগস্ট। নিহত হওয়ার সময় তিনি এম এ শেষ পর্বে পরীক্ষা দিয়েছিলেন। শেখ জামাল: বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে। ১৯৫৪ সালের ২৮ এপ্রিল টুঙ্গীপাড়ায় জন্ম। যুগোস্লাভিয়া ও লন্ডনে প্রশিক্ষণ নিয়েছিলেন। শেখ রাসেল: বঙ্গবন্ধুর ছোট ছেলে। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। শেখ আবু নাসের: বঙ্গবন্ধুর ছোট ভাই। ১৯২৮ সালের সেপ্টেম্বরে টুঙ্গিপাড়ায় জন্ম। খুলনায় বসবাস করলেও ১৫ আগস্ট রাতে তিনি ছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে। সুলতানা কামাল খুকু: জন্ম ১৯৫১ সালে ঢাকায়। মৃত্যুর এক মাস আগে শেখ কামালের সঙ্গে তাঁর বিয়ে হয়। পারভীন জামাল রোজী: শেখ জামালের স্ত্রী। মাত্র ৩০ দিনের বিবাহিত জীবন নিয়ে মেহেদির রং শুকাতেই তাঁর বুক ঝাঁঝরা হয়ে যায় ঘাতকের বুলেটের আঘাতে। আবদুর রব সেরনিয়াবাত: বঙ্গবন্ধুর মেজ বোনের স্বামী। জন্ম ১৯২০ সালে বরিশালে। শেখ ফজলুল হক মনি: ঘাতকদের অন্যতম লক্ষ্যে ছিল বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি। জন্ম ১৯৩৯ সালে টুঙ্গিপাড়ায়। আরজু মনি: শেখ মনির স্ত্রী, জন্ম ১৯৪৭ সালের মার্চে বরিশালে। স্বামীর পাশে অন্তঃসত্ত্বা অবস্থায় ঘাতকদের হাতে নিহত হন। কর্নেল জামিলউদ্দিন আহমেদ: বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা। বঙ্গবন্ধুর লাল টেলিফোন পেয়ে ছুটে আসছিলেন, সোবহানবাগ মসজিদের সামনে ঘাতকেরা তাঁকে নির্মমভাবে হত্যা করে ঘাতকদের গুলি থেকে রক্ষা পাননি আবদুর রব সেরনিয়াবাতের ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত এবং আমীর হোসেন আমুর খালাত ভাই আবদুল নঈম খান রিন্টু।