সেই রাতের কথা বলছি
১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সেই রাতের কথা বলছি শিরোনামে প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন কাওসার চৌধুরী।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়। পাশাপাশি ছিল আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ১৯৭৫ সালের পর টানা ২১ বছর মীর জাফররা দেশের ক্ষমতায় ছিল বলেই যুদ্ধাপরাধীদের বিচার করতে এত দিন সময় লেগেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। রাজাকারদের নামের তালিকা করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ১৫ আগস্ট থেকে ওই প্রক্রিয়া থমকে যায়। দেশের ইতিহাস ভিন্ন পথে প্রবাহিত হতে থাকে। দেশে স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন শুরু হয়।
২৫ মার্চের স্মৃতিচারণা করেন চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমাদ।