সেই রাস্তার ইট তোলা বন্ধ, পাকা করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম লঞ্চঘাটের কাঁচা সড়কটিতে বিছানো ইট সরিয়ে নেওয়া বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আহসান উল্যাহর নির্দেশে ইট তোলা বন্ধ করা হয়।
বুধবার রাষ্ট্রপতি কয়েকটি উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে অষ্টগ্রামে আসেন। দুটি সেতুর নির্মাণকাজ দেখতে যেতে পারেন—এমন ভাবনা থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লঞ্চঘাট সড়কটিতে ইট বিছায়। রাষ্ট্রপতি অষ্টগ্রাম এলেও সড়কটি ব্যবহার করেননি। রাষ্ট্রপতি অষ্টগ্রাম ত্যাগ করার পর সেই সড়কের ইট সরিয়ে নেওয়া শুরু হয়। গতকাল প্রথম আলোয় ‘রাষ্ট্রপতির সফর ও দুই দিনের সড়ক’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এরপর সংশ্লিষ্ট দপ্তর ইট সরিয়ে নেওয়ার কাজ বন্ধের সিদ্ধান্ত নেয়। সড়কটিকে পাকা করার নীতিগত সিদ্ধান্তও নেয়।
এ ব্যাপারে আহসান উল্যাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসিনের সঙ্গে কথা হয়েছে। নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আমরা লঞ্চঘাট সড়কটি পূর্ণাঙ্গভাবে পাকা করে দেব৷ উপজেলা পরিষদের চেয়ারম্যান দেশের বাইরে আছেন। তিনি এলেই অর্থ বরাদ্দ করা হবে ।’