সেই রাস্তার ওপরে সাঁকো, নিচে ধান!
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য কাশিমনগর গ্রামের সেই কর্দমাক্ত রাস্তার ওপর গতকাল সোমবার সাঁকো নির্মাণ করা হয়েছে। নিচে লাগানো হয়েছে ধানের চারা। স্থানীয় সূত্রে জানা গেছে, লামছর ইউনিয়নের মাঝিরগাঁও গ্রাম থেকে মধ্য কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় শুধু কাদা আর কাদা। ওই গ্রামে পাঁচ হাজার লোক বাস করে। তাদের চলাচলের একমাত্র রাস্তা এটি। বর্ষা মৌসুমে এত কাদা হয় যে, যানবাহন তো দূরের কথা, হাঁটাচলা করাও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন থেকে এলাকাবাসী রাস্তাটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সুফল পায়নি। শেষ পর্যন্ত ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সোমবার রাস্তার ওপরে বাঁশের সাঁকো নির্মাণ করে। আর রাস্তার মধ্যে লাগিয়ে দেয় ধানের চারা। সম্প্রতি ওই গ্রামের আউলিয়ার বাড়ির মৃত সাকায়েত উল্লার মেয়ে শাহীন আক্তারের সঙ্গে রায়পুর উপজেলার জাফর হোসেনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। বরপক্ষের লোকজন কনেকে আংটি পরাতে তাদের বাড়িতে যায়। রাস্তায় কাদার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে তারা কনেপক্ষকে সাফ জানিয়ে দেয়, এ বিয়ে হবে না। কারণ কর্দমাক্ত এ রাস্তা দিয়ে বিয়ের গাড়ি যাতায়াত করতে পারবে না। এ নিয়ে গত ২৫ জুলাই প্রথম আলোয় ‘রাস্তায় কাদা, তাই...’ শিরোনামে খবর প্রকাশিত হয়।