সেই রিটু দাশ জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জামিনে মুক্তি পেয়েছেন খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি রিটু দাশ ওরফে বাবলু। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
রিটু যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের সহযোগী। সাজাপ্রাপ্ত আসামি হলেও কারা বিধি লঙ্ঘন করে ৪২ দিন ধরে কয়েদির পোশাক না পরে সাধারণ পোশাকে ছিলেন রিটু। প্রথম আলোতে গত ১৮ সেপ্টেম্বর রিটুকে নিয়ে ‘হাসপাতালে আরাম-আয়েশে খুনি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিটুর গায়ে ওঠে কয়েদির পোশাক। তিন দিন পর নিয়ে যাওয়া হয় কারাগারে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, উচ্চ আদালত থেকে জামিননামা কারাগারে এলে রিটু দাশকে গতকাল রোববার বিকেলে মুক্তি দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর সহযোগী রিটু দাশের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানার একটি হত্যা মামলায় ২০০৭ সালের ২৭ জুন সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। রিটু দীর্ঘদিন পলাতক থাকায় সাজা কার্যকর হয়নি। নগরের সিআরবিতে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের গুলাগুলিতে দুই ব্যক্তি নিহত হওয়ার মামলায় ২৭ জুন কারাগারে আসেন রিটু দাশ।